কুমিল্লা: কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আনাবিয়া নামে ১৪ মাস বয়সি আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে জেলায় হামের উপসর্গে ও হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে এ বিষয়ে নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান মিয়া মঞ্জুর আহমেদ।
মৃত আনাবিয়া চৌদ্দগ্রাম উপজেলার ধনুসারা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় আনাবিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
মিয়া মঞ্জুর আহমেদ বলেন, ‘শিশুটির শরীরে হামের বিভিন্ন উপসর্গ ও লক্ষণ ছিল। তবে ল্যাবরেটরি পরীক্ষার পরই তার হামে আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’
এদিকে কুমিল্লায় হামের সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় জেলায় হাম সন্দেহে নতুন করে আরও ২২ জন রোগী শনাক্ত হয়েছেন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে কুমিল্লায় এ পর্যন্ত হাম সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৯৬ জন। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ৭৭১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা বলছেন, নতুন করে রোগী শনাক্ত হওয়া এবং মৃত্যুর ঘটনায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।