সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, নির্বাচন সামনে রেখে বিএনপি দেশে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে। যে কোনো মূল্যে বিএনপির এসব আন্দোলনসন্ত্রাস মোকাবিলা করা হবে। কোনো শক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে।
সোমবার (১৭ জুলাই) দুপুরে চট্টগ্রামের রাউজান সরকারি কলেজ মাঠে স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে এ বছর একযোগে ৫ লাখ বৃক্ষের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। কৃষি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কৃষিমন্ত্রী বলেন, ২০০৮ সালে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হয়েছিল, সেটিও বিএনপি মেনে নেয়নি। তারপর থেকে বিগত ১৪ বছর ধরে বিএনপি একই কোরাস গেয়ে চলেছে এবং হরতাল আর আন্দোলন করে যাচ্ছে। সংবিধানের আলোকে নির্বাচন হবে কিন্তু তারা সেটি মানবে না। এখন আবার হরতালের ভয় দেখাচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সুসংগঠিত ও শক্তিশালী দল। বিএনপিকে মোকাবিলা করার শক্তি আওয়ামী লীগের আছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির সন্ত্রাস মোকাবিলা করার জন্য প্রস্তুত আছে।
সংলাপের প্রসঙ্গে মন্ত্রী বলেন, আলোচনার আগে বিএনপিকে স্বীকার করতে হবে—তারা নির্বাচনে আসবে, সংবিধানের আলোকেই নির্বাচন হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন, তাহলেই চিন্তা করা যাবে আলোচনার কথা। বিএনপির সঙ্গে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হতে পারে, তবে সেটি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নয়।
কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচন বানচালকারীদের আওয়ামী লীগ রাজপথে থেকে মোকাবিলা করবে। কেউ যদি সহিংসতা করে, তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দমন করবে।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন কৃষি, মৎস্য ও বৃক্ষরোপণ ক্যাটাগরিতে পাঁচবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত স্থানীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি জানান, এ বছর রাউজান উপজেলায় ৫১ রকমের ফলদ ও বনজ ৫ লাখ গাছের চারা রোপণ করা হবে। এর আগে গত ১০ বছরে ২০ লাখ চারা রোপণ করা হয়েছে।
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল ওহাব বক্তব্য রাখেন।
সারাবাংলা/ইএইচটি/আইই