আন্তর্জাতিক ডেস্ক
ইরানের নিজস্ব তৈরি করোনাভাইরাস ভ্যাকসিন নিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার (২৫ জুন) সকালে ‘কোভ-ইরান বারাকাত’ নামক করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোতে এখবর প্রকাশ হয়েছে।
পার্স নিউজের খবরে বলা হয়, ভ্যাকসিন নেওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘আমি বিদেশি ভ্যাকসিন নিতে ইচ্ছুক ছিলাম না। এ কারণেই ভ্যাকসিন নিতে এতদিন অপেক্ষা করেছি। দেশেই যখন রোগ প্রতিরোধ ও চিকিৎসার সুযোগ আছে তাহলে তা কেন কাজে লাগাবো না?’
পার্স নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, নিজ দেশে ভ্যাকসিন তৈরির ব্যাপারটিকে জাতীয় গর্ব হিসেবে আখ্যায়িত করেছেন খামেনি।
এর আগে গত জানুয়ারিতে ইরানের সর্বোচ্চ নেতাকে মার্কিন কোম্পানি ফাইজার বা মডার্নার ভ্যাকসিন নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল বলে উল্লেখ করা হয় ইরানি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে। তবে সেসময় মার্কিন ভ্যাকসিনগুলো বিশ্বাসযোগ্য নয় উল্লেখ করে নিজ দেশে তৈরি ভ্যাকসিনের অপেক্ষা করেন ৮২ বছর বয়েসি এ নেতা।
গত ডিসেম্বরে ইরানের কোভ-ইরান বারাকাতের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়। সেদেশের প্রায় ২৪ হাজার স্বেচ্ছাসেবীর শরীরের এ ভ্যাকসিন প্রয়োগ করা হয়। পরে ভ্যাকসিনটিকে জরুরি ব্যবহারের অনুমোদন দেয় তেহরান।
সারাবাংলা/আইই