আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার কৃষ্ণ সাগর নৌবহরের সদর দফতরে মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) এই মিসাইল হামলার ঘটনা ঘটে।
বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সামরিক শাখার যোগাযোগ বিভাগ টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার গ্রিনিচ মান সময় ১২টায় ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার কৃষ্ণ সাগর নৌবহরের সদর দফতর লক্ষ্য করে একটি সফল হামলা চালিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়া উপদ্বীপের শহর সেভাস্তোপলে অবস্থিত সদর দফতরটিতে ইউক্রেনের একাধিক মিসাইল আঘাত হানে। এর মধ্যে পাঁচটি মিসাইল আকাশেই ধ্বংস করা সম্ভব হয়েছে। মিসাইল হামলার পর একজন সামরিক সদস্য নিখোঁজ রয়েছেন।
রুশ কর্মকর্তারা বলছেন, ক্রিমিয়ার ওপর দিয়ে বেশ কয়েকটি ক্রুজ মিসাইল নিক্ষেপ করে ইউক্রেন।
ক্রিমিয়ার মস্কোর নিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনভ টেলিগ্রামে বলেন, ক্রিমিয়া প্রজাতন্ত্রের ভূখণ্ডে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্রুজ মিসাইলগুলো গুলি করে ধ্বংস করেছে। তবে কতটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয় তা উল্লেখ করেননি তিনি।
সেভাস্তোপলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ বলেন, ইউক্রেনের মিসাইল কোনো বেসামরিক অবকাঠামোতে আঘাত হানেনি। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
সারাবাংলা/আইই