ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
বরিশাল: বিদেশে গেলে প্রমাণ হবে খালেদা জিয়াকে বিষ দেওয়া হয়েছে, এই ভয়েই বর্তমান অবৈধ সরকার তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশ যেতে দিচ্ছে না। অথচ, শেখ হাসিনা যখন গ্রেফতার ছিলেন তখন খালেদা জিয়াই প্রথম তার মুক্তির দাবি তুলেছিলেন বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে বরিশাল জিলা স্কুল মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেন, আচার-আচরণই প্রমাণ করে তিনি অবৈধ প্রধানমন্ত্রী। তিনি কানের চিকিৎসার জন্য বিদেশ যান অথচ খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দেন না, এটা স্বৈরাচারী মনোভাবের প্রকাশ।
বিভাগীয় সমাবেশ করতে বাধার অভিযোগ তুলে মির্জা আব্বাস বলেন, ‘বরিশালে এবার আসার সঙ্গে সঙ্গেই ধাক্কা খেয়েছি। বিভিন্ন সময় বরিশালে এসেছি, তবে এমন ধাক্কা খাইনি। প্রথমে শুনলাম, সমাবেশ করার জায়গা দেওয়া হবে না। পরে শুনলাম, নেতা-কর্মীদের ওপর হামলা হচ্ছে। মঞ্চ দুইবার করা হয়েছে। একবার ঈদগাহ মাঠে, তারপর রাত ১২টায় আবার জিলা স্কুল মাঠে। নির্ঘুম রাত কাটাতে হয়েছে। এমন অত্যাচার কোথাও দেখিনি। যারা স্বাধীন মাটিতে কথা বলতে দেয় না, তারা কারা?’
তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতির অধিকার দিয়েছিল শহীদ জিয়াউর রহমান। তার সহধর্মীনী এবং তিন বারের প্রধানমন্ত্রীকে মুক্তি দেওয়া হচ্ছে না। আন্দোলন করতে হচ্ছে, এটা লজ্জার।
আওয়ামী লীগ প্রতিবারই ষড়যন্ত্র করে এদেশে ক্ষমতায় এসেছে, অন্যদিকে বিএনপি বিপুল ভোটের জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় এসে জনকল্যাণে গণতন্ত্র সুরক্ষায় কাজ করেছে। তাদের মতো দিনের ভোট রাতে করে ক্ষমতায় আসে নাই। অবৈধ খুনী আর লুটেরা সরকার নির্বাচনকে ভয় পায়। পুলিশি জোর দিয়ে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না। এতই জনপ্রিয়তা থাকলে ভোটের মাঠের লড়াইয়ে আসারও আহ্বান জানান মির্জা আব্বাস।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আয়োজিত বরিশাল বিভাগীয় সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। সদস্য সচিব মীর জাহিদুল কবিরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মো. শাজাহান ওমর বীর উত্তম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার ও সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাজাহান ওমর আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা নিজেরাই ষড়যন্ত্রকারী। পনেরই আগস্ট আপনাদের দলের ষড়যন্ত্রের ফসল, ৯৬ সালে আমলাদের নিয়ে ‘জনতার মঞ্চ’ করে ষড়যন্ত্র করেছেন, ২০০৮ সালে মঈনুদ্দিন-ফখরুদ্দিনকে দিয়ে ষড়যন্ত্র করেছেন, আপনি (শেখ হাসিনা) নির্দয়, নিষ্ঠুর ও অমানবিক অবৈধ প্রধানমন্ত্রী। রাষ্ট্রের সকল যন্ত্র বিকল করে আপনি শুধু ক্ষমতার মসনদ আকড়ে ধরে রাখতে চান, মনে রাখবেন ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়।’
যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার বলেন, ‘আমরা বরিশালে সাড়ে ১২শ’ কোটি টাকার উন্নয়ন করেছি। বরিশালকে বিভাগ করেছি, বেতারকেন্দ্র করেছি, দপদপিয়া ব্রিজ করেছি। আর আওয়ামী লীগ শুধু উন্নয়নের দোহাই দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে।’
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. রফিকুল ইসলাম, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদ রফিকুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, জেবা আহমেদ খান, আবুল হোসেন খান, মেজবাহ উদ্দিন ফরহাদ, হাসান মামুন, কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মনির হোসেন, সাবেক বরিশাল জেলা সভাপতি এবায়েদুল হক চান, দক্ষিণ জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান নান্টু, উত্তর জেলা আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল প্রমুখ।
এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় এবং বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ সমবাবেশে বক্তব্য রাখেন।
দুপুর ২টায় সমাবেশের সময় নির্ধারিত থাকলেও সকাল থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। জুমা নামাজ শেষ হবার সাথে সাথে সমাবেশস্থল নগরীর জিলা স্কুল মাঠ ছাড়াও পাশের সদর রোড, শহীদ নজরুল সড়ক ও ক্লাব রোড লোকে লোকারণ্য হয়ে যায়। ৩টার পরে ঈদগাহ ছাড়িয়ে সংলগ্ন বাঁধ রোডের বড় অংশ জুড়ে জনতায় সয়লাব হয়ে যায়। সমাবেশ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। সমাবেশস্থলের আশপাশে জলকামান ও এপিসি রাখা হয়। দীর্ঘদিন পরে বরিশাল মহানগরীতে বিএনপির এ সমাবেশ সাধারণ মানুষের মধ্যেও যথেষ্ট আগ্রহের সৃষ্টি করে।
সারাবাংলা/একেএম