স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: মাঠে ময়দানে সক্রিয়, কার্যকর ও নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন নির্ধারিত সব শর্ত পূরণ করার পরও ‘গণঅধিকার পরিষদ’সহ একাধিক রাজনৈতিক দলকে নিবন্ধন না দিয়ে অপরিচিত, ভূঁইফোঁড়, অকার্যকর দলকে নিবন্ধন দিয়ে কমিশন চরমভাবে বিতর্কিত হয়েছে বলে মন্তব্য করেছে গণঅধিকার পরিষদ। সংগঠনটির নেতারা বলছেন, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের এমন পক্ষপাতমূলক ও বাস্তবতা বিবর্জিত সিদ্ধান্ত আমাদের ক্ষুদ্ধ করেছে এবং জাতির কাছে এই কমিশনের গ্রহযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবি জানিয়ে ইসিতে দেওয়া এক স্মারকলিপিতে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এসব কথা হয়। সংগঠনের সভাপতি নুরুল হকের সই করা স্মারকলিপিটি সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ইসিতে জমা দেন। এতে বলা হয়, আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে এরকম অগ্রহণযোগ্য, বৈষম্যমূলক, অনিয়মতান্ত্রিক ও অন্যায্য সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি এবং ‘গণঅধিকার পরিষদ’সহ সক্রিয় ও কার্যকর দলগুলোর নিবন্ধন দেওয়ার জোর দাবি জানাচ্ছি।
স্মারকলিপিতে বলা হয়, রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা ২০০৮ এর বিধি ৭ (২) অনুযায়ী ২০২২ সালের ৩০ অক্টোবর ‘গণঅধিকার পরিষদ’ নিবন্ধনের জন্য আবেদন জমা দেয়। আবেদন জমা দেওয়ার পর নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী এর নানা ত্রুটি সংশোধন প্রক্রিয়া অনুসরণ করা হয়। চলতি বছরের ১১ এপ্রিল জাতীয় গণমাধ্যম ও নির্বাচন কমিশন সূত্রে জানা যায় যে, সব কাগজপত্র পরীক্ষা শেষে ৯৩টি আবেদন থেকে ১২টি দলের আবেদন ইসি প্রাথমিক বাছাইয়ে আইনানুযায়ী যোগ্য বিবেচনা করেছে। এবং সেগুলো পরবর্তী ধাপে যাচাই-বাছাইয়ের জন্য মনোনীত করেছে। ‘গণঅধিকার পরিষদ’ ওই তালিকায় ৪ নম্বরে ছিল।
স্মারকলিপিতে আরও বলা হয়, ২) গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৯০ খ(১)(ক)(ই) এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮ এর বিধি ৬ উপ-বিধি (ঞ)(ই) অনুসারে নির্বাচন কমিশন কর্তৃক মনোনীত এই ১২টি রাজনৈতিক দলের কেন্দ্রীয় দফতর, জেলা ও মহানগর, উপজেলা ও মেট্রোপলিটন থানাগুলোতে দলের কার্যকর দফতর এবং তৎপরতা যাচাই-বাছাই কার্যক্রম গত ২ মে থেকে সারাদেশে একযোগে শুরু হয়। ‘গণঅধিকার পরিষদ’র পক্ষ থেকে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও যাচাই-বাছাই কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হয়। মাঠ পর্যায়ে এই যাচাই-বাছাই কার্যক্রমে বিভিন্ন জেলা ও বেশ কিছু উপজেলা নির্বাচন কর্মকর্তাকে রহস্যজনকভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে ‘গণঅধিকার পরিষদ’র প্রতি বিদ্বেষ ও হয়রানিমূলক আচরণ করতে দেখা যায়।
এর আগে, গত ২৫ জুন নির্বাচন কমিশন একটি পরিপত্রের মাধ্যমে ১২টি দলের মধ্য থেকে ‘গণঅধিকার পরিষদ’সহ চারটি রাজনৈতিক দলকে যাচাই-বাছাইয়ে সঠিক পাওয়া ১০% এবং যাচাই-বাছাইয়ে আংশিক বা সম্পূর্ণ সঠিক না পাওয়া ১০% জেলা উপজেলায় পুনঃতদন্তের নির্দেশ দেন। গত ৩ থেকে ৭ জুলাই পরিচালিত পুনঃতদন্ত কার্যক্রমেও ‘গণঅধিকার পরিষদ’ সব বাস্তব তথ্য-উপাত্ত তুলে ধরে। তারপরও গত ১৬ জুলাই নির্বাচন কমিশন শুধুমাত্র দুটি দলকে নিবন্ধন দেয়। ‘গণঅধিকার পরিষদ’সহ বাকি দলগুলোকে নিবন্ধনের জন্য অযাচিতভাবে বাদ দেওয়া হয় বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
সারাবাংলা/জিএস/পিটিএম