আন্তর্জাতিক ডেস্ক
ইন্দোনেশিয়ায় প্রথম হাইস্পিড ট্রেন উদ্বোধন করেছে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো। ৭ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের এই প্রকল্পটিতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বেশিরভাগ অর্থায়ন করেছে চীন সরকার।
রোববার (১ অক্টোবর) জোকো উইদোদো হাইস্পিড রেলপথ ও ট্রেন উদ্বোধন করেন। ১৪২ কিলোমিটার দৈর্ঘ্য এই রেলপথ রাজধানী জাকার্তাকে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহর বান্দুংয়ের সঙ্গে যুক্ত করেছে। ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত গতিতে চলবে এই হাইস্পিড ট্রেন। ফলে ১৪২ কিলোমিটার দূরত্ব পার হতে ট্রেনের সময় লাগবে এক ঘণ্টারও কম।
নতুন এই হাইস্পিড রেলওয়ের নাম দেওয়া হয়েছে হুশ। এটি একটি বাহাসা ইন্দোনেশিয়া ভাষার শব্দ। এর অর্থ অনুবাদ করলে দাঁড়ায়, সময় সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য। ইন্দোনেশিয়ায় তীব্র যানজট সমস্যার সমাধান করতে প্রেসিডেন্ট জোকো উইদোদো হুশের মতো প্রকল্পকে অগ্রাধিকার দিচ্ছেন।
নতুন এই রেলপথ ২০১৯ সালে চালু করার কথা ছিল। কিন্তু জমি অধিগ্রহণ সংক্রান্ত বিরোধ, করোনাভাইরাস মহামারি এবং ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বাজেট বৃদ্ধির কারণে প্রকল্পটির কাজ শেষ হতে দেরি হয়।
এই রেলপথের দৈর্ঘ্য আরও বাড়িয়ে জাকার্তাকে পশ্চিম জাভা রাজ্যের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনাও রয়েছে ইন্দোনেশিয়া সরকারের।
সারাবাংলা/আইই