
ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: চট্টগ্রামে একদিন করোনা শনাক্তের সংখ্যা তলানিতে নামার পর আবার বেড়েছে পজিটিভ রোগীর সংখ্যা। একই সময়ে বেড়েছে করোনায় মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২৫ জন। এ সময় করোনায় একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তি উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার (১২ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন সোমবার চট্টগ্রামে ১১ জনের করোনা শনাক্ত হয়। ঐ দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত এক লাখ দুই হাজার ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের ৭৩ হাজার ৮৫৯ জন, বাকি ২৮ হাজার ১৯১ জন বিভিন্ন উপজেলার। অন্য দিকে, এদের মধ্যে এ পর্যন্ত করোনায় মোট এক হাজার ৩১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২০ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৯২ জনের।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১২টি ও কক্সবাজারে একটি ল্যাবে এক হাজার ৬২৮ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের ১৩ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৫৩ শতাংশ।
উপজেলাগুলোয় শনাক্ত ১২ জনের মধ্যে হাটহাজারীতে ৪ জন, সীতাকু-ে ৩ জন, বোয়ালখালীতে ২ জন এবং সাতকানিয়া, আনোয়ারা, রাউজানে ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ দিন লোহাগাড়া, বাঁশখালী, চন্দনাইশ, পটিয়া, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, মিরসরাই ও সন্দ্বীপে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি।