স্পেশাল করেসপন্ডেন্ট
চট্টগ্রাম ব্যুরো : সরকারের দুঃশাসনে চরম সংকটের মধ্যে দেশবাসীকে এবার ঈদুল ফিতর উদযাপন করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (৮ এপ্রিল) চট্টগ্রামসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পাঠানো বার্তায় তিনি একথা বলেছেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘কঠিন দুঃসময় পার করছে দেশের মানুষ। দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, ভিন্নমতের লোকজনের ওপর নিপীড়ন-নির্যাতন, ডামি সরকারের দুঃশাসনে চরম সংকটের মধ্যে দিয়ে ভিন্ন এক পরিবেশে দেশবাসী ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে।’
‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চরম অসুস্থতার মধ্যেও গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। তার বিদেশে উন্নত চিকিৎসার কোনো ব্যবস্থা সরকার করছে না। বিএনপির হাজার-হাজার নেতাকর্মী মিথ্যা মামলা মাথায় নিয়ে দিন কাটাচ্ছে। দেশের সীমান্ত এলাকায় চরম অস্থিরতা বিরাজ করছে। তারপরও এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর ঘরে ঘরে আনন্দের বার্তা নিয়ে আসুক, পরিবার পরিজনকে সাথে নিয়ে সকলে আনন্দে নিরাপদে ঈদ উদযাপন করুক এটাই কামনা করি।’
সারাবাংলা/আরডি/এনইউ