আন্তর্জাতিক ডেস্ক
চীনের আবাসন খাতের মহীরুহ এভারগ্র্যান্ডের পতন হয়েছে। কোনোভাবেই গ্রুপটি বিশাল অংকের ঋণ পুনর্গঠন করতে পারেনি। ফলে এভারগ্র্যান্ডের অবসায়নের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৯ জানুয়ারি) হংকংয়ের একটি আদালত এই রায় দেন।
চীনের আবাসন খাতের শীর্ষস্থানীয় গ্রুপটি ২০২১ সালেই নিজেদের দেউলিয়া ঘোষণা করে। এই ঘোষণাকে সুযোগ মনে করে বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা এভারগ্র্যান্ড কোম্পানিতে বিনিয়োগ করতে থাকেন। তাদের ধারণ ছিল, চীনের আবাসন খাতের সবচেয়ে বড় এই কোম্পানির পতন হতে দেবে না চীন সরকার। এক সময় সরকার এই গ্রুপের বেইল আউটের জন্য এগিয়ে আসবেই। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। বিনিয়োগকারীদের ভুল প্রমাণ করে এভারগ্র্যান্ডের অবসায়নের আদেশ দিয়েছেন আদালত। কোম্পানিটি এখন ৩০০ বিলিয়ন ডলারের বেশি ঋণগ্রস্ত।
এভারগ্র্যান্ড গ্রুপের দুর্দশা মূলত চীনের আবাসন খাতের সংকটের একটি চিত্র হয়ে উঠেছে। করোনাভাইরাস মহামারির সময় থেকেই ধুকছে চীনের আবাসন খাত। তবে কোম্পানির এই সংকটের বড় দায় তাদের নিজেদেরই। করোনা মহামারি কোম্পানির পতন তরান্বিত করেছে কেবল। বিশ্লেষকদের মতে, কোম্পানিটি পরিচালনায় ভুল নীতির কারণেই ৩০ বিলিয়ন মার্কিন ডলার বা ৩০ হাজার কোটি ডলারের এই বিশাল ঋণে দায়গ্রস্ত হয়েছে এভারগ্র্যান্ড। ঋণের এই বড় অংক কোম্পানিটি বাঁচাতে কোনো কাজে লাগেনি।
গত ডিসেম্বরে নিজেদের এই বিশাল দায়ের কথা জানিয়ে তা পুনর্গঠনের জন্য সময় চেয়ে আদালতে আবেদন করে এভারগ্র্যান্ড। তবে চলতি সপ্তাহে ৩০০ বিলিয়ন ডলারের বেশি এই ঋণ দায়বদ্ধতা পুনর্গঠনের জন্য একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় এভারগ্র্যান্ড। চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় হংকং আদালতের বিচারক লিন্ডা চ্যান এক বছর আগে অফশোর ঋণদাতাদের দায়ের করা একটি অবসায়ন আবেদন মঞ্জুর করেন।
তার রায়ে বিচারক চ্যান বলেন, ‘ঋণ পুনর্গঠনে অগ্রগতির সুস্পষ্ট অভাব রয়েছে। আমি মনে করি যে, কোম্পানিটি বন্ধ করার আদেশ দেওয়াটাই আদালতের পক্ষে উপযুক্ত।’ চ্যানের আদেশ অনুযায়ী এখন একজন অবসায়ন কর্মকর্তাকে কোম্পানিটিতে নিয়োগ দেওয়া হবে। ওই কর্মকর্তা কোম্পানির সম্পদ বিক্রির মাধ্যমে তহবিল সংগ্রহের চেষ্টা করবেন।
এভারগ্র্যান্ডের এই অবসায়নের আদেশ চীনের আর্থিক ব্যবস্থাকে ব্যাপক মাত্রায় প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই চীনের পুঁজিবাজারে প্রভাব পড়েছে। সোমবার সকালে হংকংয়ের শেয়ার মার্কেটের সূচক ২০ শতাংশ পতন হয়। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ শেয়ার লেনদেন বন্ধ করতে বাধ্য হয়।
এভারগ্র্যান্ডের অবসায়নে আবাসন খাতের প্রতি গ্রাহক ও বিনিয়োগকারীদের আস্থায় হ্রাস করবে। এই খাতে ডেভেলপারদের ঋণগ্রহণ ও প্রদানেও ব্যাপক আস্থাহীনতা তৈরি হবে।
সারাবাংলা/আইই