আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়া, চীন ও ইরান যৌথ নৌ মহড়ার সিদ্ধান্ত নিয়েছে। তেহরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত লেভান ঝাগারিয়ান জানিয়েছেন, পারস্য উপসাগরে চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে তিন দেশের এ নৌ মহড়া অনুষ্ঠিত হবে। মূলত যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে পাল্লা দিতেই তিন দেশের এমন সিদ্ধান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা।
রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিকের খবরে বলা হয়, রাষ্ট্রদূত লেভান ঝাগারিয়ান বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে বার্ষিক যৌথ নৌ মহড়া অনুষ্ঠিত হবে। এতে রাশিয়ান, ইরানি ও চীনা যুদ্ধজাহাজ অংশ নেবে। এ যৌথ নৌ মহড়ার উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিত এবং সমুদ্রে দস্যুবৃত্তির মোকাবিলা করা।
এর আগে ইরানের সঙ্গে নৌ মহড়ার ব্যাপারে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন, সাধারণ স্বার্থ, আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে তেহরানের সঙ্গে সমন্বয় বাড়াতে আগ্রহী বেইজিং।
তিন শক্তির যৌথ এ সামরিক মহড়া সম্পর্কে সাংহাই অ্যাকাডেমি অব সোস্যাল সাইন্সের বিশেষজ্ঞ সান কি সাউথ চায়না মর্নিং পোস্টকে জানান, যৌথ মহড়াটিকে মূলত আন্তর্জাতিক অঙ্গনে তেহরানের প্রতি সমর্থন প্রদর্শন করার উপায় হিসেবে বেছে নিয়েছে মস্কো ও বেইজিং।
সান কি বলেন, ‘বৈশ্বিক রাজনীতিতে নাজুক এ সময়ে তিন শক্তির নৌ মহড়া ঘোষণার মাধ্যমে আন্তর্জাতিক জাহাজ নিরাপত্তা নিশ্চিত এবং জলদস্যুতা মোকাবেলার আড়ালে চীন ও রাশিয়া আসলে ইরানকে সমর্থন জানিয়েছে’।
এর আগেও ইরান, রাশিয়া, চীন মিলে নৌ মহড়া চালিয়েছিল। ২০১৯ সালের ডিসেম্বরে ভারত সাগর ও ওমান উপসাগরে তিন দেশের নৌবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, বেইজিং ও মস্কো ইতিমধ্যে চীনের উত্তর-পশ্চিমে সপ্তাহব্যাপী সামরিক মহড়া চালিয়েছে। দুই দেশের সামরিক মহড়ার লক্ষ্য হিসেবে বলা হয়েছে, আঞ্চলিক সন্ত্রাস দমন অভিযান বেগবান করা। তবে এতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগ ও সামরিক দক্ষতা বিনিময়ও বৃদ্ধি পেয়েছে। চীন ও রাশিয়ার ওই যৌথ সামরিক মহড়ায় ১০ হাজার সেনা অংশ নেয়। এতে নতুন কিছু অস্ত্রেরও পরীক্ষা চালায় মস্কো। ওই যৌথ সামরিক মহড়া শেষ হওয়ার পরপরই ইরানকে সঙ্গে নিয়ে আরেকটি নৌ মহড়ার ঘোষণা দিলো রাশিয়া।
সারাবাংলা/আইই