ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক ছাত্রীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ জুলাই) রাতে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ‘মোল্লা ছাত্রী নিবাস’ নামের ব্যক্তি মালিকানাধীন একটি মেস থেকে রিবনা শাহরিন (২০) নামে ওই শিক্ষার্থীর মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, ওই ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রিবনা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাসা পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলায়।
বরিশাল মহানগর বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, ছাত্রী নিবাসের তৃতীয় তলার একটি কক্ষে রিবনা শাহরিন একা থাকত। গত দুইদিন ধরে স্বজনরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। বুধবার সন্ধ্যার দিকে তার বাবাসহ কয়েকজন স্বজন ছাত্রীনিবাসে গিয়ে রিবনা শাহরিনের কক্ষ ভেতর থেকে আটকানো দেখেন। পরে অন্যদের সহযোগিতায় দরজা খোলার পর ফ্যানের সঙ্গে শাহরিনের অর্ধগলিত মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম জানান, অবস্থা দেখে মনে হচ্ছে ২-৩ আগে সে গলায় ফাঁস দিয়েছে। ছাত্রীটি সব সময় একা থাকায় সহপাঠীরাও ২-৩ দিনে তার খোঁজ নেয়নি।
বন্দর থানার সহকারী কমিশনার মেহেদি হাসান জানান, ছাত্রীর পরিবারও প্রাথমিকভাবে ধারণা করছে সে আত্মহত্যা করেছে। তার আগে থেকে একা থাকার প্রবণতা ছিল বলে পরিবার জানিয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।
সারাবাংলা/এনইউ