শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

জুলাই আন্দোলনে রাজপথে, এবার শরীয়তপুর জেলা যুবদলের দপ্তরে আশিক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৫৪ সময় দেখুন
জুলাই আন্দোলনে রাজপথে, এবার শরীয়তপুর জেলা যুবদলের দপ্তরে আশিক

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
জুলাই আন্দোলনে রাজপথে সক্রিয় অংশগ্রহণের পর এবার সাংগঠনিক দায়িত্বে যুক্ত হলেন মো. আশিক মাদবর জিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্তে তাঁকে শরীয়তপুর জেলা যুবদলের দপ্তরের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

গত ৮ অক্টোবর যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। একই বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া ও সাতক্ষীরা জেলা যুবদলের দপ্তরের সঙ্গে সংযুক্তির বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যেই আশিক মাদবর জিয়াকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি শরীয়তপুর পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ আনোয়ার মাদবরের ছেলে।

দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন আশিক মাদবর জিয়া। আন্দোলন চলাকালে ঢাকার বিভিন্ন এলাকা ছাড়াও নারায়ণগঞ্জ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার, পল্টন, প্রেসক্লাব ও যাত্রাবাড়ীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।

এ ছাড়া মাদারীপুর সরকারি নাজিমউদ্দীন কলেজে অধ্যয়নকালে সহপাঠীদের আন্দোলনে সংগঠিত করার পাশাপাশি মোস্তফাপুর মোড়ে সড়ক অবরোধ কর্মসূচিতেও অংশ নেন বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় আশিক মাদবর জিয়া বলেন, দলের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবেন তিনি। বিএনপির প্রতি নিজের ভালোবাসার কথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার পর দেশের মুক্তিকামী মানুষ যেভাবে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, তেমনি ২০২৪ সালের জুলাই আন্দোলনেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি রাজপথে ছিলেন।

আশিক মাদবর জিয়া আরও বলেন, জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চান তিনি। নতুন দায়িত্ব পালনের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

মো. আল-আমিন

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর