
ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: মশক নিধনে যে কীটনাশক ব্যবহার হচ্ছে তা যাতে জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। একইসঙ্গে মশার ওষুধ ছিটানোর কাজে নিয়োজিত কর্মীদের জবাবদিহিতা নিশ্চিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত বা মৃত্যু নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য বিভ্রাট নাই।
ডেঙ্গুতে মারা যাওয়া অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। শুক্রবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ডেঙ্গির প্রকোপ রোধে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ নিয়ে ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলাম এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশকে পরাজিত করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলের মাঝে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়। প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন- ড. এসএম মোর্শেদ, সাংবাদিক অনিমেষ কর, সাংবাদিক জান্নাতুল বাকেয়া কেকা, সাংবাদিক ফালগুনী রশীদ ও সাংবাদিক শেখ নাজমুল হক সৈকত।
এলজিআরডি মন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার পাশাপাশি নাগরিক সম্পৃক্ততা জরুরি। সবার সম্মিলিত প্রচেষ্টায় সেপ্টেম্বরের মধ্যেই ডেঙ্গির প্রকোপ কমে আসতে পারে। ডেঙ্গি প্রতিরোধে বরাদ্দ অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণের জন্য ইন্টার্নাল অডিটের পাশাপাশি এক্সটার্নাল অডিটের ব্যবস্থা করা হয়েছে। এই উপমহাদেশে কোনো দেশই ডেঙ্গুমুক্ত নয়। ঢাকার দুই মেয়র ডেঙ্গু প্রতিরোধে পরিশ্রম করছে। সরকার ইতোমধ্যে ডেঙ্গু প্রতিরোধে নীতিমালা প্রণয়ন করেছে। ডেঙ্গুতে পার্শ্ববর্তী দেশগুলো থেকে আমরা অনেক ভালো আছি। ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি সেল প্রতিষ্ঠা করা হয়েছে। যেখান থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় রোগীদের এলাকা চিহ্নিত করে ওই এলাকায় বিশেষ নজর দেওয়া হচ্ছে।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মশক নিধনে ঢাকার দুই সিটি করপোরেশনে প্রতিবছর বড় অঙ্কের আর্থিক বরাদ্দ দেওয়া হলেও তেমন সুফল মিলছে না। মশক নিধনে নাগরিক কমিটি গঠন করার কথা বলা হলেও দৃশ্যমানভাবে তা দেখা যায় নাই। ডেঙ্গু প্রতিরোধে করোনার মতো জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে টেকনিক্যাল কমিটি গঠন করা উচিত। যে কমিটি কীটতত্ত্ববিদ, জনস্বাস্থ্যবিদ, প্রাণীবিজ্ঞানী, বর্জ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হতে পারে। একইসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর ও সিটি করপোরেশন যৌথভাবে এনজিওদের সমন্বয়ে অংশীদারিত্বের ভিত্তিতে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি গ্রহণ করতে পারে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করলেও আর্থিক সহায়তা নিয়ে কোনো অসচ্ছল পরিবারের পাশে দাঁড়াতে দেখা যায়নি।