ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
বরিশাল: ঝালকাঠির কাঠালিয়ায় ডোবার পানিতে ডুবে মাইশা (৮) ও হালিমা (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজন সম্পর্কে চাচাতো বোন। রোববার (৪ জুন) দুপুরে উপজেলার আমুয়া বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাইশা আমুয়া জিরো পয়েন্ট সংলগ্ন একটি বাসার ভাড়াটিয়া মো. মাহবুবুর রহমানের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে ও হালিমা তার ভাই হুমায়ুনের মেয়ে।
শিশুদের স্বজনরা জানায়, দুই বোন বাড়ির পাশেই খেলছিল। বেশ কিছু সময় তাদের দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এ সময় পাশের ডোবায় পানির নিচ থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে আমুয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ডোবার পানিতে তলিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/এনইউ