শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জলাবদ্ধতা মেগা উন্নয়নের কারণেই’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১২১ সময় দেখুন
‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জলাবদ্ধতা মেগা উন্নয়নের কারণেই’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বৃষ্টিপাতে রাজধানীসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সৃষ্ট ‘জলাবদ্ধতা’ সরকারের মেগা উন্নয়নের কারণেই বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৫ অক্টোবর) একটি জাতীয় দৈনিকের প্রতিষ্ঠবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘অনেক কষ্ট করে এখানে এসেছি। আপনারা জানেন, আজকে উত্তরার রাস্তা বন্ধ হয়ে গেছে। ডিএমপি কমিশনার একটা সার্কুলার দিয়েছেন যে, এই সড়কটা ব্যবহার না করার জন্য। গতকাল ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ফলে যে বৃষ্টিপাত হয়েছে, তাতে এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত রাস্তাটি আর চলাচলের উপযোগী নেই।  এই যে মেগা প্রজেক্ট, মেগা উন্নয়নের জন্য আজকের এই অবস্থা। আজকের এই (জলাবদ্ধতা) তাদের মেগা উন্নয়নের কারণেই।’

তিনি বলেন, ‘আমরা একটা ভয়ংকর সময় অতিক্রম করছি। এই সময়টা আমাদের অত্যন্ত ধৈর্যের সঙ্গে, অত্যন্ত সাহসের সঙ্গে অতিক্রম করতে হবে এবং আমাদের জয়লাভ করতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘এখানে একজন সাবেক বিচারপতি বলেছেন, সংবিধান মেনে চলতে হবে। কোন সংবিধান? আমি জানতে চাই পরিষ্কার করে। যে সংবিধানে আমার অধিকার হরণ করা হয়েছে, যে সংবিধানের মধ্যে কেটে ছেঁটে তিনটি অনুচ্ছেদ বলা হয়েছে যে, এটা কোনোদিন পরিবর্তন করা যাবে না। যে সংবিধানে আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে, আমরা একটা স্বাভাবিক শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যাব, সেই সংবিধান অবশ্যই পরিবর্তন করতে হবে। আমরা যেটা চেয়েছিলাম সেটা করার জন্য এই সংবিধানে অবশ্যই আমাদের কিছুটা পরিবর্তন আনতে হবে।’

তিনি বলেন, ‘আমরা সাংবিধানিক কমিশন তৈরি করব। যদি আমরা জনগণের ম্যান্ডেটে বিজয় অর্জন করতে পারি, তাহলে সাংবিধানিক কমিশন তৈরি করব। অগণতান্ত্রিক, জনবিরোধী যে সমস্ত বিষয় সংবিধানে সংযোজন করা হয়েছে, সেগুলো আমরা বাতিল করব। ১৯৭২ সালে যেটা করা হয়েছিল, তার আশপাশে নিয়ে সত্যিকার অর্থে একটা যুগোপযোগী সংবিধান নিয়ে আসার চেষ্টা করব।’

‘কথাটা খুব পরিষ্কার। এতে অন্য কেউ কিছু বললে, আপনি যে ব্যাখ্যা দিয়েছেন- তাতে তো আমার বিরুদ্ধে এখন রাষ্ট্রবিরোধী মামলা হওয়া উচিত। সেটা তো হতে পারে না। ব্যাখ্যাটা খুব পরিষ্কার- এ দেশের মানুষ যা চাইবে, সেটাই হচ্ছে সংবিধান এবং আমি মনে করি, বর্তমান যে সংবিধান আছে তা মানুষের আশা-আকাঙ্খা পূরণ করতে ব্যর্থ হয়েছে’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ জানাব, বাংলাদেশকে যেন আমরা সত্যিকার অর্থেই একটা প্রগতিশীল জনপদ হিসেবে তৈরি করতে পারি, আমরা যেন বাংলাদেশে মুক্ত চিন্তার যে অবস্থা সেই অবস্থা সৃষ্টি করতে পারি, আমরা যেন বাংলাদেশে সত্যিকার অর্থেই সাম্য, ন্যায় বিচার এবং মানবিক মূল্যবোধের কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে পরিণত করতে পারি সেজন্য আপনারা অতীতে যে ভূমিকা রেখেছেন তা অব্যাহত রাখবেন। আপনারা জনগণের পাশে দাঁড়াবেন এই বিশ্বাস আমার আছে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, অবসরপ্রাপ্ত বিচারপতি ইকতেদার আহমেদ, ব্যারিস্টার মইনুল ইসলাম, ব্যারিস্টার শিব্বির মাহমুদ, আলমগীর মহিউদ্দিন, সালাউদ্দিন বাবর, মাসুম খলিলী, বিএনপির খায়রুল কবির খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, জহির উদ্দিন স্বপন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আতিকুর রহমান রুমন, শায়রুল কবির খান, বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, বর্তমান সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন, ডিই্উজের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর