স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: ১২ দলীয় জোটের সমন্বয়ক জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কোনো নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। বিরোধী প্রার্থীর ওপর চালানো হয় হামলা। দখল করে নেওয়া হয় ভোটকেন্দ্র। ঢাকা-১৭ উপনির্বাচনে সরকারের আসল চেহারা আবারও ফুটে উঠেছে। এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা বারবার প্রমাণিত হয়েছে।’
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে কাকরাইল মোড় থেকে পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে পদযাত্রাপূর্ব এ সমাবেশ আয়োজন করে ১২ দলীয় জোট। পদযাত্রাটি মতিঝিল শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।
মোস্তফা জামাল হায়দার বলেন, ‘আমাদের আন্দোলন ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয়। এ আন্দোলন জনগণের ভোট ও বাকস্বাধীনতা ফিরিয়ে দেওয়ার আন্দোলন। সরকার সহজেই এ দাবি মেনে নেবে না। তাই গণঅভ্যুত্থানে মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়ে দাবি আদায় করতে হবে।’
জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক)।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, জাতীয় পার্টির মহাসচিব সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম মেম্বার সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস, কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব নুরুল কবীর পিন্টু, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ভাইস চেয়ারম্যান সৈয়দ রওনক ইব্রাহিম, যুগ্ম মহাসচিব তমিজ উদ্দিন টিটু, বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব রফিকুল ইসলাম ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, জমিয়তে উলামায়ে ইসলাম সিনিয়র যুব মহাসচিব আব্দুল মালিক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, বাংলাদেশ মুসলিম লীগ (বি এম এল) এর চেয়ারম্যান এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, ন্যাপ ভাসানির চেয়ারম্যান এডভোকেট আজহারুল ইসলাম, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব এডভোকেট আবুল কাশেম, জাস্টিস পার্টির চেয়ারম্যান ডক্টর জাবেদ মোহাম্মদ সালাহ উদ্দিন, মহাসচিব মানসুর আলম শিকদার প্রমুখ।
সারাবাংলা/এজেড/এনইউ