শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

ঢাবি অধ্যাপক নাদিরকে ‘বাঁচিয়ে দেওয়ার’ শঙ্কা শিক্ষার্থীদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ মে, ২০২৪
  • ১০৯ সময় দেখুন
ঢাবি অধ্যাপক নাদিরকে ‘বাঁচিয়ে দেওয়ার’ শঙ্কা শিক্ষার্থীদের


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: তদন্ত কমিটির কার্যক্রম দীর্ঘায়িত করার মাধ্যমে যৌন হয়রানির দায়ে অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. নাদির জুনাইদকে ‘বাঁচিয়ে দেওয়া’ হচ্ছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা। তদন্ত কমিটির কার্যক্রমের অগ্রগতি জানাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন তারা।

সোমবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চলমান পাঁচটি ব্যাচের শিক্ষার্থীরা।

গত ১০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. নাদির জুনাইদের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন বিভাগেরই একজন নারী শিক্ষার্থী। ওই নারী শিক্ষার্থী প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেওয়ার পর ১১ জানুয়ারি পর্যন্ত সবধরনের একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়ে মানববন্ধন করে বিভাগের সব ব্যাচের শিক্ষার্থীরা।

পরে ১২ ফেব্রুয়ারি অধ্যাপক নাদিরের অফিসকক্ষ ও ক্লাসরুমে তালা দেয় শিক্ষার্থীরা। তখন শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিলে অধ্যাপক নাদিরকে তিন মাসের বাধ্যতামূলক ছুটি দেয় প্রশাসন এবং তদন্ত কমিটি গঠন করে দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা বলে।

এদিকে, চলমান ব্যাচগুলোর আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পাঠকৃত লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, গত মার্চে তদন্ত কমিটি গঠন করে দুই সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু দুই মাস অতিক্রান্ত হয়েছে এখন পর্যন্ত তদন্তের কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। অথচ সাম্প্রতিক দেশের অন্য দু’টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একই ধরনের অপরাধে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা নেওয়া হয়। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তা করতে পারেনি।

শিক্ষার্থীরা জানান, তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত করার মাধ্যমে ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা করছেন তারা। এই প্রসঙ্গে লিখিত বক্তব্যে বলা হয়, বিশেষ কোনো মহল বিষয়টি ধামাচাপা দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে, অথবা বিষয়টি নিয়ে আলোচনা কমে গেলে লঘুদণ্ড দিয়ে অভিযুক্ত শিক্ষককে বাঁচিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

তদন্ত কমিটির কার্যক্রমের অগ্রগতি জানাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিনদিনের আল্টিমেটাম দিয়ে তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী তিন কর্মদিবসের মধ্যে এই ঘটনায় অগ্রগতি আমাদের জানাতে হবে। দৃশ্যমান কোনো ইতিবাচক অগ্রগতি পরিলক্ষিত না হলে নিপীড়িত শিক্ষার্থীর ন্যায়বিচার নিশ্চিদে আমরা বিভাগের সাধারণ শিক্ষার্থীরা ফের কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।

সারাবাংলা/আরআইআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর