ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি দিয়েছে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, তারেক রহমানের “ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন” উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য লিখিত অনুমতিপত্র পাওয়া গেছে।
শায়রুল কবির খান বলেন, রোববার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে অনুমতিপত্র পাঠান। পরে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ জাহিদ হোসেন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে চিঠিটি পৌঁছে দেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য (দফতর দায়িত্বে) সাত্তার পাটোয়ারী চিঠিটি গ্রহণ করেন বলে জানান শায়রুল কবির খান।
উল্লেখ্য, আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।