আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। বন্যায় কৃষ্ণ সাগরের উপকূলীয় কয়েকটি শহর তলিয়ে গেছে। টেলিভিশনে প্রচারিত ফোটেজে দেখা গেছে, রাস্তায় পার্ক করে রাখা গাড়ি ও দোকানপাট বন্যার পানিতে ভেসে গেছে।
চলতি মাসে তুরস্কে এ নিয়ে দুটি প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের বিশাল এলাকা দাবানলে বিপর্যস্ত। গত ২৮ জুলাই থেকে সরকারি হিসেবে অন্তত ১৫৬টি দাবানলে ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দেশ-বিদেশের ব্যাপক প্রচেষ্টায় ওই অঞ্চলের দাবানলগুলো অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে দেশটির এক প্রান্তের দুর্যোগ নিয়ন্ত্রণে আসতেই অন্য প্রান্তে বন্যায় ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেল।
শুক্রবার (১৩ আগস্ট) তুরস্কের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, কাস্তামনু প্রদেশে বন্যায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিনোপে বন্যায় প্রাণ গিয়েছে আরও দুই জনের। বার্তিন প্রদেশে এখনও এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। বন্যায় আক্রান্ত অঞ্চল থেকে হেলিকপ্টার ও নৌকাযোগে অন্তত ১৭০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বন্যায় গুরুত্বপূর্ণ একটি বিদ্যুৎ কেন্দ্র বিকল হয়ে পড়ায় উত্তরাঞ্চলের অন্তত ৩৩০টি গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া পানির তোড়ে ধ্বংস হয়ে গেছে একাধিক ছোটবড় সেতু।
সারাবাংলা/আইই