আন্তর্জাতিক ডেস্ক
দুই সপ্তাহ পর ফের সম্মুখ আলোচনায় বসেছেন যুদ্ধরত ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। তাদের আলোচনার লক্ষ্য এক মাসের বেশি সময় ধরে চলে আসা যুদ্ধের ইতি টানা। মঙ্গলবার (২৯ মার্চ) তুরস্কের ইস্তাম্বুলে বৈঠক অনুষ্ঠিত হয়।
রুশ বার্তাসংস্থা তাসের খবরে জানা গেছে, তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় দলমাবাখে দুই প্রতিনিধিদলের আলোচনা হয়েছে। আলোচনাটি তিন ঘণ্টাব্যাপী ছিল। তবে আলোচনার কোনো ফলাফল এখনও জানা যায়নি।
বৈঠকের আগে রুশ প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি জানিয়েছিলেন, বৈঠক শেষে একটি বিবৃতি প্রকাশ করা হবে। তিনি জানান, রুশ সময় ৯: ৩০ মিনিটে ইস্তাম্বুলে বৈঠক শুরু হয়।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক হামলা চালায় প্রতিবেশী রাশিয়া। এ পর্যন্ত দুই পক্ষের বেশ কয়েকটি বৈঠক হয়েছে। তবে উল্লেখযোগ্য কোনো ফল আসেনি। এবার তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে বসল দুই দেশের দেশের প্রতিনিধিদল।
সারাবাংলা/আইই