#নয়াদিল্লি: নারকেলের দুধ দিয়ে নানা মুখরোচক পদ রান্নার কথা তো সবাই জানেন। কিন্তু এটা ত্বক পরিচর্যাতেও দারুণ কার্যকরী সেটা কি জানা ছিল? আজ্ঞে হ্যাঁ, নারকেলের দুধ স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এবং প্রোটিন সমৃদ্ধ যা ত্বকের জন্য দুর্দান্ত।
এই প্রাকৃতিক উপাদানটিকে কাজে লাগালে ত্বকের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরে আসতে সময় লাগে না, সেই সঙ্গে সানবার্নের চিকিৎসাতেও কাজে আসে। অসময়ে ত্বক বুড়িয়ে যাওয়ার আশঙ্কা কমে, ত্বকের উপরে জমে থাকা মৃত কোষ ধুয়ে যায় এবং ব্রনর প্রকোপ কমে। এমনকী, মেকআপ রিমুভার হিসেবেও নারকেলের দুধ কাজে আসে। তাই অল্প সময়ে জেল্লাদার ত্বক পেতে চাইলে নারকেলের দুধের উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়।
উপকরণ: এই ফেসিয়াল তৈরি করতে লাগবে নারকেলের দুধ, ওটস, কর্ন স্টার্চ বা ময়দা, ভিটামিন ই ক্যাপসুল, দই এবং হলুদ।
বাড়িতেই নারকেল দুধের ফেসিয়াল: এবার দেখে নেওয়া যাক বাড়িতে নারকেল দুধের ফেসিয়াল করার পদ্ধতি।
প্রথম ধাপ – মুখ পরিষ্কার: ফেসিয়াল করার আগে ভালো করে মুখ পরিষ্কার করা গুরুত্বপূর্ণ। মুখে জমে থাকা ময়লা এবং অতিরিক্ত তেল আগে ধুয়ে ফেলতে হবে। এ জন্য একটি পাত্রে সমপরিমাণ নারকেল দুধ এবং দই ভালো করে মিশিয়ে ক্লিনজার প্রস্তুত করে নেওয়া যায়। তারপর মিশ্রণটা মুখ, গলা এবং ঘাড়ে মেখে কিছুক্ষণ রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হবে। গামছা বা তোয়ালের বদলে তুলো দিয়ে থুপে থুপে মুছে নিতে হবে মুখ।
দ্বিতীয় ধাপ – এক্সফোলিয়েট: মুখে মৃত কোষ পরিষ্কারের জন্য এক্সফোলিয়েট করা গুরুত্বপূর্ণ। এ জন্য প্রয়োজন ওটসের মতো এক্সফোলিয়েট উপকরণ। একটা পাত্রে নারকেল দুধ এবং ওটস মিশিয়ে স্ক্রাব তৈরি করতে হবে। তারপর সেটা আলতো হাতে মুখ, গলা এবং ঘাড়ে মাসাজ করতে হবে। তবে জোরে রগড়ানোর দরকার নেই। এটা মৃত কোষ পরিষ্কার করার পাশাপাশি ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডসের উপরেও কাজ করবে।
তৃতীয় ধাপ – মাসাজ: ত্বকে এক্সফোলিয়েট করার পর মাসাজ করা খুব গুরুত্বপূর্ণ। এতে ত্বকের জেল্লা বাড়ে। এ জন্য মাসাজ ক্রিম ব্যবহার করা যায়। নাহলে ১ টেবিল চামচ নারকেল দুধ, ১ টা ভিটামিন ই ক্যাপসুল এবং ১/২ চা চামচ কনস্টার্চ ভালো করে মিশিয়ে ক্রিম তৈরি করে নেওয়াও যায়। এই ক্রিম দিয়ে ত্বকে কয়েক মিনিট হালকা মাসাজ করার পর ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হবে।
আরও পড়ুন- ঝকঝকে দাঁত, মুখে থাকবে না দুর্গন্ধ! আয়ুর্বেদিক পদ্ধতিতে ঘরেই তৈরি করে নিন মাউথওয়াশ
চতুর্থ ধাপ – ফেস প্যাক: সবশেষে নারকেলের দুধ আর হলুদ বাটা মিশিয়ে তৈরি ফেস প্যাক লাগাতে হবে মুখে। মুখের নিষ্প্রাণ বিবর্ণভাব কাটিয়ে সতেজ উজ্জ্বলতা এনে দিতে, মুখের কালো দাগ-ছোপ হালকা করতে, ব্রন-ফুসকুড়ি নির্মূল করার কাজে, মুখের যে কোনও প্রদাহ কমাতে হলুদের ব্যবহার বহু প্রাচীন। পাশাপাশি ত্বকের অ্যান্টি-এজিং বা অসময়ে বলিরেখার সমস্যা দূর করে নারকেলের দুধ। সেই সঙ্গে স্কিন ট্যান তুলতে এবং ত্বক আর্দ্র, নরম-মোলায়েম রাখতেও কাজে লাগেও। এই ফেসপ্যাক ত্বকে তাৎক্ষণিক উজ্জ্বলতা এনে দেবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Skin Care