আন্তর্জাতিক ডেস্ক
ভারতের রাজধানী নয়া দিল্লিতে মুসলিমবিরোধী স্লোগান দেওয়ায় ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপির এক নেতাও রয়েছেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
জানা গেছে, রোববার দিল্লির যন্তর মন্তর এলাকায় ঔপনিবেশিক আইন বিরোধী এক সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশ পরে মুসলিমবিরোধী সমাবেশে রূপ নেয়। সমাবেশে মুসলিমবিরোধী সহিংসতাপূর্ণ স্লোগান দেওয়া এবং এতে উস্কানি দেওয়ার দায়ে সোমবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।
ভারতের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অশ্বিনী উপধ্যায় নামের বিজেপি নেতা এ সমাবেশের আয়োজক। তিনি বিজেপির দিল্লি শাখার সাবেক মুখপাত্র। সোমবার সন্ধ্যায় পুলিশ তাকে আটক করেছে। অন্য চার অভিযুক্তসহ মধ্যরাত পর্যন্ত থানায় তাদের জিজ্ঞাসাবাদ চালিয়েছে পুলিশ।
জানা গেছে, দিল্লির যন্তর মন্তর এলাকায় আয়োজিত ওই সমাবেশের একটি দল হঠাৎ কট্টর মুসলিমবিরোধী স্লোগান দিতে থাকে। সামাজিক মাধ্যমে ওই সমাবেশের একাধিক ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, “হিন্দুস্তান ম্যায় রেহনা হোগা, জয় শ্রি রাম কেহনা হোগা’ (ভারতে থাকতে হলে, জয় শ্রি রাম বলতে হবে)”— এমন স্লোগান দিচ্ছেন একদল লোক।
সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পরপর দিল্লির আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে কেন সাম্প্রদায়িক স্লোগান দেওয়া ব্যক্তিদের আটক করল না, তা নিয়ে প্রশ্ন উঠে। এতে তীব্র সমালোচনার মুখে পড়ে দিল্লি পুলিশ। অবশেষে ঘটনার একদিন পর সোমবার সন্ধ্যায় পুলিশ সমাবেশের আয়োজকসহ পাঁচজনকে আটক করে।
এদিকে অশ্বিনী উপধ্যায় ঘটনার পরপর সমাবেশের আয়োজক হিসেবে তার সংশ্লিষ্টতা অস্বীকার করে এক বিবৃতি দেন। তিনি বলেন, সমাবেশটি ঔপনিবেশিক আইনের বিরুদ্ধে সেভ ইন্ডিয়া ফাউন্ডেশন নামের একটি সংগঠন আয়োজন করেছিল। সেভ ইন্ডিয়া ফাউন্ডেশনের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। ওই সমাবেশে আমি একজন অতিথি ছিলাম। সেখানে আরভিএস মানি, ফিরোজ বখত আহমেদ, গাজেন্দ্র চৌহানের মতো অনেকেই আমার মতো অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন।
সেভ ইন্ডিয়া ফাউন্ডেশনের পরিচালক প্রীত সিংকেও আটক করেছে পুলিশ। আটককৃত অন্যান্যরা হলেন, বিনোদ শর্মা, দীপক সিং, ভিনেত ক্রান্তি।
সারাবাংলা/আইই