স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ, সিন্ডিকেট ভাঙা, সারাদেশে রেশন ব্যবস্থা চালু, ন্যায্যমূল্যের দোকান চালুসহ উৎপাদক ও ক্রেতা সমবায় গড়ে তোলার দাবিতে আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সাধারণ মানুষের যুক্তিসঙ্গত আয় নিশ্চিত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নিতে ১৩ দফা প্রস্তাবও পেশ করেছে দলটি।
বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে মুক্তিভবনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি এবং প্রস্তাব পেশ করে সিপিবি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও কমিউনিস্ট পার্টর নেতা এম এম আকাশ। এসময় উপস্থিত ছিলেন দলটির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। এছাড়াও উপস্থিত ছিলেন মিহির ঘোষ, শাহিন রহমান অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা ডা. ফজলুর রহমান ও মানবেন্দ্র দেবসহ অন্যান্যরা।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নিতে সিপিবির ১৩টি প্রস্তাব হলো-
১. নিম্ন আয়ের মানুষের জন্য, বিশেষত দারিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবারের জন্য স্থায়ী রেশন ব্যবস্থা চালু করা। এ জন্য সংশ্লিষ্টদের কাছে ছবিসহ রেশন কার্ড প্রদানের ব্যবস্থা করা। এই দরিদ্র মানুষদের জন্য রেশনে কন্ট্রোল পামে চাল, গম, তেল, ডাল, চিনি এবং প্রয়োজনমতো অন্যান্য অত্যাবশ্যক পণ্য সাপ্তাহিকভিত্তিতে প্রদান করা। পর্যায়ক্রমে পণ্যের সংখ্যা বাড়ান।
২. রাষ্ট্রীয় সহায়তায় ন্যায্যমূল্যের দোকান চালু করা এবং ক্রেতা-সমবায় সমিতি সংগঠিত করে দেশব্যাপী তার বিপণন নেটওয়ার্ক গড়ে তোলা।
৩. মধ্যস্বত্বভোগীদের শোষণ থেকে উৎপাদক কৃষক ও ক্রেতাসাধারণকে মুক্ত করার লক্ষ্যে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সংস্থাগুলোর সহায়তায় একদিকে ‘ভোক্তা সমবায় সমিতি’ এবং অন্যদিকে উৎপাদক সমবায় সমিতি গড়ে তোলা এবং এই দুই সংস্থার মধ্যে সরাসরি সংযোগ ও লেনদেনের ব্যবস্থা করা।
৪. বিএডিসির কার্যক্রমকে ব্যাপকভাবে প্রসারিত করে সারাদেশে সার, বীজ, কীটনাশক, সেচ যন্ত্রপাতিসহ কৃষি উপকরণ ন্যায্যমূল্যে এবং সময়মতো খোদ কৃষকের কাছে সরাসরি সরবরাহের ব্যবস্থা করা। যাতে পণ্যের উৎপাদন ব্যয় কমে আসে।
৫. পণ্য পরিবহনে দুর্নীতি, হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করা। একইসঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধনসহ হাটবাজারে ইজারাদারি ব্যবস্থা ও তোলা আদায়ের অত্যাচার বন্ধ করা।
৬. দক্ষ ও দুর্নীতিমুক্তভাবে টিসিবির কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি করে অত্যাবশ্যক পণ্যসামগ্রীর আমদানি, মজুত ও সরবরাহ ব্যবস্থা সচল রাখা।
৭. রাষ্ট্রীয় উদ্যোগে খাদ্যদ্রব্যসহ অত্যাবশ্যকীয় দ্রব্যসামগ্রীর বাফার স্টক গড়ে তোলা।
৮. পাইকারি ও খোলাবাজারে পণ্যমূল্য তদারকির জন্য ‘মূল্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’ প্রতিষ্ঠা করার পাশাপাশি উপযুক্ত ‘ক্রেতাস্বার্থ সংরক্ষণ আইন’ প্রণয়ন করা।
৯. আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্রের পক্ষ থেকে ওপেন মার্কেট সেল, মার্কেটিং অপারেশন, টেস্ট রিলিফ, কাজের বিনিময়, খাদ্য (কাবিখা) প্রভৃতি কর্মসূচিসহ যে কোনো আপৎকালীন দ্রুততার সঙ্গে ঝটিকা কার্যক্রম পরিচালনার প্রস্তুতি রাখা।
১০. পৃথক মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে গ্রাম-শহরসহ সারাদেশে সাশ্রয়ী, দক্ষ ও দুর্নীতিমুক্ত গণবণ্টন ব্যবস্থা চালু করা।
১১. বিলাসদ্রব্য আমদানি কিছু সময়ের জন্য নিষিদ্ধ করা।
১২. পাইকারি ও খুচরা বাজারে রাষ্ট্রের প্রভাব-সক্ষমতা সৃষ্টি করা। একইসঙ্গে এ বাজারগুলোতে প্রত্যক্ষ রাষ্ট্রীয় হস্তক্ষেপের উপযুক্ত ব্যবস্থা ও কার্যক্রম চালু করা।
১৩. বাজারের ওপর সিন্ডিকেট ও মুনাফা-শিকারি লুটেরাদের একচেটিয়া নিয়ন্ত্রণ খর্ব করা। অবাধ খোলাবাজার অর্থনীতির দর্শন ও মার্কেট ফান্ডামেন্টালিজম-এর নীতি থেকে বের হয়ে আসা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এম এম আকাশ বলেন, আমরা যদি হুন্ডি মোকাবিলা করতে না পারি, ঘরের রেমিট্যান্স ঘরে আনতে না পারি এবং ডলারের পাচার/বহির্গমন ঠেকাতে না পারি, পদে পদে দুর্নীতি ও অপচয় কমাতে না পারি বাজেটের যথাযথ ব্যয় বৃদ্ধির জন্য আয় বৃদ্ধির ব্যবস্থা না করতে পারি, আয়কর ও সম্পদ কর বাড়াতে না পারি এবং এসব কিছু মিলিয়ে ক্রমবর্ধমান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে প্রায় ৪ কোটি দরিদ্র ও ১০ কোটি নিম্নবিত্ত মধ্যবিত্তকে সামাজিক সুরক্ষা দিতে না পারে তাহলে তিলে তিলে ভবিষ্যতে এক মহাসংকটের দিকে এগিয়ে যাবে। তখন সব দিক থেকে ঢেউ এসে হয়তো আমাদের বিপদে ফেলে দিতে পারে।
লিখিত বক্তব্যে বলা হয়, এবার আমরা ব্রিকসের ব্যাংকে যোগ দিয়েছি। এটা কিছুটা নতুন ঋণের নতুন উৎস খুলে দিতে পারে। পক্ষান্তরে, যদি আমরা ভুল বাজার নীতি ও কুশাসন, দুঃশাসন অব্যাহত রাখি, শ্রীলংকার মতো ঋণফাঁদে পরে যায়, তাহলে আমাদের মতো বৃহৎ অর্থনীতির জন্য সেখান থেকে আর বের হয়ে আসা খুবই কঠিন হবে। তাই আজ আমাদের একটি দীর্ঘমেয়াদি বিদেশি ঋণ পরিশোধের ও শক্তিশালী রিজার্ভ গঠনের প্ল্যান তৈরি করে এগুনো দরকার।
লিখিত বক্তব্যে বলা হয়, আমাদের কৃষি উৎপাদনে, পোশাক শিল্পে, রেমিট্যান্স ও ফরেন ইনভেস্টমেন্টে এই মুহূর্তে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন দেখা যাচ্ছে না। আর সেটার জন্য গণতন্ত্র, সুশাসন ও মৌলিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনা জরুরি। এসব না করে প্রচলিত ব্যবস্থা বহাল রেখে (মুক্তবাজারের নামে সবকিছু বাজারের উপরে ছেড়ে দিয়ে, সিন্ডিকেট তোষণ করে) ভোক্তা অধিকার প্রতিষ্ঠার নামে হম্বি-তম্বি করে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। এতে একবার যদি ব্যবসায়ীরা সব পণ্য আন্ডারগ্রাউন্ডে নিয়ে যায় তখন খুবই বিপদ দেখা দিতে পারে।
লিখিত বক্তব্যে বলা হয়, জনগণকে তাই এই মুহূর্তে সচেতন হয়ে নিজেদের উদ্যোগে নানারকম বিকল্প আন্দোলন ও ক্ষমতা কাঠামো গড়ে তুলতে হবে। খুচরা ডিম বিক্রেতা বা আলু পাইকার বা খাতুনগঞ্জের ছোট আড়তদারকে জবাবদিহিতার অধীনে আনতে হবে।
সারাবাংলা/এএইচএইচ/আইই