নাগোর্নো-কারাবাখে ছিটমহল থেকে জাতিগত আর্মেনীয়রা পালিয়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে। রোববার (২৪ সেপ্টেম্বর) আর্মেনিয়া সরকার জানিয়েছে, এ পর্যন্ত এক হাজার ৫০ জন জাতিগত আর্মেনীয় ছিটমহল থেকে আর্মেনিয়ায় প্রবেশ করেছেন।
চলতি সপ্তাহের শুরুতে প্রায় এক লাখ ২০ হাজার জাতিগত আর্মেনীয় অধ্যুষিত এলাকাটিতে অভিযান চালায় আজারবাইজান। পরে নাগোর্নো-কারাবাখের আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদী নেতাদের অস্ত্র সমর্পণের ঘোষণার মাধ্যমে এই অভিযান স্থগিত করে বাকু। এর পর ছিটমহল থেকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করে আর্মেনীয়রা।
আর্মেনিয়া সরকার ওই অঞ্চলে আর্মেনীয়রা জাতিগত নিধনের সম্মুখীন হতে পারে বলে সতর্ক করেছে।
রোববার আর্মেনিয়ার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টায় এক হাজার ৫০ জন নাগোর্নো-কারাবাখ থেকে আর্মেনিয়ায় প্রবেশ করেছেন। তাদের অনেককে ইতিমধ্যেই সরকারি অর্থায়নে আবাসন দেওয়া হয়েছে।
আজারবাইজান এবং আর্মেনিয়া নাগোর্নো-কারাবাখ নিয়ে প্রায় চার দশক ধরে দ্বন্দ্বে লিপ্ত। ইতোমধ্যে দুইবার পূর্ণ পরিসরে যুদ্ধে লিপ্ত হয়েছে দেশ দুটি। ১৯৯০ দশকের গোঁড়ার দিকে সোভিয়েত ইউনিয়ন পতনের পর যুদ্ধ জড়ায় আজারবাইজান ও আর্মেনিয়া। সর্বশেষ ২০২০ সালেও দুই দেশ সংঘর্ষে লিপ্ত হয়।
এবার আজারবাইজানের নতুন অভিযানের পর ওই এলাকায় জাতিগত নিধনের আশঙ্কা প্রবল হয়েছে।
The post নাগোর্নো-কারাবাখ থেকে পালাচ্ছে আর্মেনীয়রা appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.