মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ প্রতিনিধি ::“ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয় ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন এবং নান্দাইল ডায়াবেটিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
রোববার (১৪ নভেম্বর) সকালে এ উপলক্ষ্যে নান্দাইল ডায়াবেটিক হাসপাতালের সামনে থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা সদর হয়ে হাসপাতালে এসে শেষ হয়।
পরে বাইপাস মোড়ে তোফাজ্জল হোসেন কমিউনিটি সেন্টারে ডায়াবেটিক সমিতির দ্বিত্বীয় বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নান্দাইল ডায়াবেটিক সমিতি (নাডাস) এর সভাপতি সাবেক সংসদ সদস্য জাহানারা খানমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান ফকিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল ডায়াবেটিক সমিতির প্রধান উপদেষ্টা এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ডাঃ তাজুল ইসলাম খান, শিক্ষাবিদ আলী আফজাল খান , আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শরাফত উদ্দিন ভূইঁয়া, বীরমুক্তিযোদ্ধা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল হক ফকির, উপাধ্যক্ষ মোঃ মাসুদুল হক, আজীবন সদস্য অরবিন্দ পাল ও কোষাধ্যক্ষ বাবু স্বপন কুমার সাহা প্রমুখ। পরে সমিতির বার্ষিক রিপোর্ট ও আয় ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, নান্দাইল ডায়াবেটিক সমিতিকে একটি আধুনিক ও মডেল সমিতি হিসাবে গড়ে তোলা হবে।