আন্তর্জাতিক ডেস্ক
জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে (ইউএনজিএ) এখনকার চেয়ে বেশি প্রতিনিধিত্বশীল, কার্যকর এবং গ্রহণযোগ্য করতে দ্রুত এবং জরুরি সংস্কারের দাবি জানিয়েছেন ব্রাজিল, জার্মানি, জাপান এবং ভারতের সমন্বয়ে গঠিত জি-৪ জোটের পররাষ্ট্রমন্ত্রীরা।
বুধবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সাইডলাইনে মিলিত হন জি-৪ জোটের পররাষ্ট্রমন্ত্রীরা। সেখানে বৈশ্বিক ও আঞ্চলিক নানান ইস্যুতে নিজেদের মতামত তুলে ধরেন তারা।
বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অন্যদের মধ্যে ছিলেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী কার্লোস আলবার্তো ফ্রাঙ্কো ফ্রাঙ্কা, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিতসু।
পরবর্তীতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের তথ্য নিশ্চিত করেন। বৈঠকে বিশ্বব্যাপী জটিল ও ক্রমবর্ধমান নানান সমস্যা সমাধানে নিরাপত্তা পরিষদের সংস্কার প্রয়োজনীতার বিষয়টি উঠে আসে।
সংস্কার ইস্যু ছাড়াও বৈশ্বিক অন্যান্য ইস্যুতে একে অন্যকে সহযোগিতা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জি-৪ পররাষ্ট্রমন্ত্রীরা। তাছাড়া, জাতিসংঘের চলতি সাধারণ পরিষদ অধিবেশনেও সংস্কার ইস্যুতে সরব হওয়ার ব্যাপারে একমত হয়েছেন তারা। একইসঙ্গে, শিগগিরই বৈঠকের ব্যাপারে সম্মত হয়েছেন জি-৪ নেতৃত্ব।
প্রসঙ্গত, নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ রয়েছে কেবলমাত্র পাঁচ রাষ্ট্রের। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন এবং রাশিয়া। তারা প্রত্যেকেই ভেটো ক্ষমতা প্রয়োগের অধিকারী। বিশ্বের নীতি নির্ধারণী এই ফোরামে ভারত বর্তমানে দুই বছর মেয়াদে অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে। আগস্ট মাসে নিরাপত্তা পরিষদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে ভারত।
এদিকে, জনসংখ্যা ও ভৌগলিক অবস্থান বিবেচনায় ভারত বরাবরই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ প্রাপ্তির বিষয়ে দাবি জানিয়ে আসছে।
সারাবাংলা/একেএম