শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

নেটওয়ার্ক নেই, তাই প্রিন্ট হচ্ছে না মার্কশিট!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১১০ সময় দেখুন
নেটওয়ার্ক নেই, তাই প্রিন্ট হচ্ছে না মার্কশিট!


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইন্টারনেট বিড়ম্বনায় শিক্ষার্থীদের মার্কশিট প্রিন্ট হচ্ছে না। উলটো যে কক্ষ থেকে মার্কশিট দেওয়ার কথা, সেই কক্ষের সামনে ‘নেটওয়ার্ক না থাকায় মার্কশিট দেওয়া যাচ্ছে না’ লেখা একটি কাগজ সাঁটিয়ে দেওয়া হয়েছে।

গত রোববার (২১ এপ্রিল) থেকে এ বিড়ম্বনা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের সেবাগ্রহণে দেখা দিয়েছে ভোগান্তি। প্রয়োজন হলেও তারা পাচ্ছেন না মার্কশিট।

পরীক্ষা নিয়ন্ত্রক ও আইসিটি সেলের পরিচালক জানান, শিক্ষার্থীদের বিভিন্ন বর্ষের প্রতি সেমিস্টারের মার্কশিট প্রিন্টের ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে। বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলটি সিঙ্গাপুরে বিচ্ছিন্ন হয়েছে। তাই সারা দেশের মতো ইবিতেও ইন্টারনেটে ধীরগতি দেখা যাচ্ছে। এ ছাড়া বিদ্যুৎ বিভ্রাট বেড়ে গেছে। তাই এমন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে।

ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ফয়সাল মাহমুদ বলেন, ‘সেমিস্টারের মার্কশিট তুলতে গিয়ে দেখি এরকম একটা লেখা পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের কক্ষের সামনে ও দরজায় লাগানো। রোববার গিয়েও দেখি একই অবস্থা, আজ (মঙ্গলবার) গিয়েও দেখেছি একই লেখা। দুয়েকজন কর্মকর্তা বলছিলেন, মার্কশিট বের হচ্ছে। তবে দিতে দেরি হবে।’

মার্কশিট প্রিন্টের দায়িত্বে থাকা পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের শাখা কর্মকর্তা আরিফুর রহমান বলেন, তিন দিন ধরেই নেটের সমস্যা দেখা দিচ্ছে। প্রতিদিন দুই-তিন ঘণ্টার বেশি নেট থাকছে না। গতকাল (সোমবার) একদমই ছিল না। আজ (মঙ্গলবার) আবার সারা দিন বিদ্যুৎ যাচ্ছে আর আসছে। এর মধ্যে যখনই নেট পাচ্ছি, তখনই মার্কশিট প্রিন্ট দেওয়ার চেষ্টা করছি।

জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ বলেন, গত তিন দিন ধরে নেটওয়ার্কে সমস্যা হচ্ছে। এ সমস্যাটা শুধু আমাদের এখানেই না, সারা দেশেই হচ্ছে। আর আজ (মঙ্গলবার) ১০ মিনিট পরপরই বিদ্যুৎ যাচ্ছে। সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। কয়েকদিন পরই এ সমস্যা কেটে যাবে।

এ বিষয়ে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, সিঙ্গাপুরে সাবমেরিন ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার পর সারা দেশেই নেটওয়ার্কের এই সমস্যা দেখা দিচ্ছে। এটি মেরামত না হওয়া পর্যন্ত ইন্টারনেটে এমন ধীরগতি থাকবে।

The post নেটওয়ার্ক নেই, তাই প্রিন্ট হচ্ছে না মার্কশিট! appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর