Last Updated:
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে জোনের মধ্যে পণ্য পরিবহন ব্যবস্থা উন্নত করতে এবং গ্রাহকদের সঙ্গে আরও ভাল সংযোগ স্থাপনের জন্য বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করছে। এই ধরণের পদক্ষেপগুলির মধ্যে, গ্রাহকদের দ্বারা বিভিন্ন সামগ্রীর সুগম ও সহজ পরিবহণের লক্ষ্যে ২০২৫-এর মে মাসে অন্তর্মুখী ও বহির্গামী পণ্য ট্রাফিক হ্যান্ডলিং-এর জন্য আরও কিছু স্টেশন খুলে দেওয়া হয়েছে।
গ্রাহক সংযোগ ব্যবস্থা উন্নত করতে এবং পণ্য রাজস্ব বৃদ্ধি করতে কাটিহার ডিভিশনের অধীনে ফরবেসগঞ্জ স্টেশনটি ৫ মে, ২০২৫ থেকে ৬ মাসের জন্য খাদ্যশস্য এবং ভুট্টার বহির্মুখী এবং অন্তর্মুখী উভয় ধরণের পরিবহন হ্যান্ডলিং-এর জন্য পুনরায় খোলা হয়েছে। লামডিং ডিভিশনের অন্তর্গত নিশ্চিন্তপুর স্টেশনটিও ২৬ মে, ২০২৫ থেকে অভ্যন্তরীণ পার্সেল ভ্যান হ্যান্ডলিং-এর জন্য খুলে দেওয়া হয়েছে।
একইভাবে, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে তার ডিভিশনের অন্যান্য ফ্রন্টে বিডিইউ (বিজনেস ডেভলপমেন্ট ইউনিট) পদক্ষেপগুলিকে উন্নত করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।পূর্ণিয়া, রানীপাত্র, আরারিয়া, কিষাণগঞ্জ, জালালগড়, বাথনাহা, ফরবেসগঞ্জ, সূর্য্য কমল, ডালখোলা এবং কাটিহার সহ কাটিহার ডিভিশনের অধীনে বিভিন্ন স্টেশন থেকে ভুট্টার মোট ৮২টি রেক বুক করা হয়, যার ফলে ৩৯.২৪ কোটি টাকা মালবাহী রাজস্ব পাওয়া যায়।
এছাড়াও, বিডিইউ-এর প্রচেষ্টায়, লামডিং ডিভিশনের বিভিন্ন স্থান থেকে জিরাণীয়া এবং সংশ্লিষ্ট স্টেশনগুলিতে পরিবহনের জন্য স্টোন চিপস-এর ১৬০৩টি ওয়াগন বুক করা হয়, যার ফলে ২০২৫-এর মে মাসে ৬.৩০ কোটি টাকার মালবাহী রাজস্ব আয় হয়। এছাড়াও. বিডিইউ পদক্ষেপের অধীনে আলিপুরদুয়ার ডিভিশনের ফালাকাটা স্টেশন থেকে আগরতলা স্টেশন পর্যন্ত ১২ রেক আলু লোড করা হয়, যার ফলে ০.৮১ কোটি টাকা মালবাহী রাজস্ব আয় হয়।
অতিরিক্তভাবে, ফালাকাটা এবং তুফানগঞ্জ স্টেশন থেকে তিরূপ্পুর, ইরোড এবং মুজাফফরনগর স্টেশনের জন্য ভুট্টার ২.৫টি রেক (১০৫টি ওয়াগন) লোড করা হয়, যার ফলে ২.১০ কোটি টাকার মালবাহী রাজস্ব আয় হয়।
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, পণ্য পরিবহনে গ্রাহক সংযোগ উন্নত করা হলে ব্যবসায়িক ইউনিট এবং রেলওয়ের মধ্যে মতবিনিময়ের ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন ঘটবে, যা অতুলনীয় সুবিধা, দক্ষতা এবং স্বচ্ছতা প্রদান করবে। ডিজিটালাইজেশনকে গ্রহণ করে এবং গ্রাহক-কেন্দ্রীক নীতিগুলিকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে, ভারতীয় রেলওয়ে দেশে লজিস্টিক পরিষেবার জন্য পছন্দের বিকল্প হয়ে উঠার দিকে অগ্রসর।
Kolkata,West Bengal
June 17, 2025 10:57 AM IST