আন্তর্জাতিক ডেস্ক
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী পিটা লিমজারোয়েনরাতের পার্লামেন্ট সদস্যপদ সাময়িক স্থগিত করেছে একটি সাংবিধানিক আদালত। থাই একটি মিডিয়া কোম্পানির শেয়ার পার্টনার হওয়ার কারণে তাকে পার্লামেন্টে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
পিটা থাই নির্বাচনে বিজয়ী মুভ ফরওয়ার্ড পার্টির নেতা। এর আগে গত ১৪ মে থাইল্যান্ডে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সবচেয়ে বেশি আসন পায় পিটার মুভ ফরওয়ার্ড পার্টি। তবে ১৩ জুলাই থাই পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারেননি পিটা লিমজারোয়েনরাত। পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেলেও ২৪৯ সদস্যের সিনেটে তিনি জয় পাননি।
এরইমধ্যে তিনি পার্লামেন্ট সদস্যপদ ধরে রাখার আইনি চ্যালেঞ্জের মুখে পড়েন। গত ১২ জুলাই থাইল্যান্ডের নির্বাচন কমিশন পিটার বিরুদ্ধে একটি মামলা সাংবিধানিক আদালতে পাঠায়। তদন্ত প্রতিবেদনে বলা হয়, একটি মিডিয়া কোম্পানিতে পিটার অংশিদারিত্বের তথ্য পাওয়া গেছে। এ জন্য থাইল্যান্ডের নির্বাচনি আইন অনুযায়ী তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা হারিয়েছেন।
উল্লেখ্য, বুধবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য পার্লামেন্টে দ্বিতীয় দফা ভোটের দিন। ঠিক এই দিনটিতেই পার্লামেন্ট সদস্যপদ স্থগিত হলো পিটার। ফলে এ দফায় প্রধানমন্ত্রী পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না তিনি।
সারাবাংলা/আইই