আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পিঠ দেওয়ালে ঠেকে গেছে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এতে, পুতিনের দ্বারা রাসায়নিক ও জৈবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা তৈরি হয়েছে বলেও জানান তিনি।
সোমবার (২১ মার্চ) ওয়াশিংটনে ব্যবসায়ীদের এক সভায় জো বাইডেন ইউক্রেন ইস্যুতে আলোচনা করেন। রাশিয়া এখন নতুন মিথ্যা অজুহাত দেখাবে বলেও আশঙ্কা করেন তিনি।
জো বাইডেন বলেন, ইউক্রেনে পুতিনের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তারা (রাশিয়া) এখন ইউক্রেনের জৈবিক ও রাসায়নিক অস্ত্র রয়েছে বলে দাবি করছে। এটি একটি সুস্পষ্ট বার্তা যে, তিনি (পুতিন) এই দুটি অস্ত্র ব্যবহার করার বিষয়ে বিবেচনা করছেন।
এদিকে, ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, যুদ্ধে রাশিয়া ক্ষয়ক্ষতির শিকার হয়ে প্রায় সব জায়গা থেকে সেনা এনে ইউক্রেনে মোতায়েনের চেষ্টা করছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান বলেছেন, যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে সামরিক বাহিনীর কর্মকর্তাদের নিয়মিত অবসরে যাওয়ার কার্যক্রম বাতিল করেছে রাশিয়া।
সারাবাংলা/আইই