স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: প্রধানমন্ত্রীর সঙ্গে আদালতের টেলিপ্যাথিক সম্পর্ক আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে নয়াপল্টনে ছাত্রদল আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। নিখোঁজ ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলের সন্ধানের দাবিতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
কোটা আন্দোলনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উদ্দেশে রুহুল কবির রিজভী বলেছেন, ‘আপনি না পরিপত্র জারি করেছিলেন যে, কোটা থাকবে না। আবার আদালত থেকে এটা হলো কেন? আমাদের কাছে তো মনে হয় প্রধানমন্ত্রীর সঙ্গে আদালতের একটা টেলিপ্যাথিক সম্পর্ক আছে। অর্থাৎ, শেখ হাসিনা যেটা ভাবেন আদালতের রায়ের মধ্য দিয়ে সেটা চলে আসে— এটাই তো আমরা দেখছি। সরকার যেটা চান সেটা আদালতের রায়ের মধ্য দিয়ে চলে আসে। এই টেলিপ্যাথিক সম্পর্কটা হয় কী করে?’
‘এই যে কোমলমতি শিক্ষার্থীরা তাদের ক্লাস ছেড়ে প্রতিদিন রাজপথে নেমে আসছে, এটা কি অন্যায়? এটা কি অন্যায্য?’— প্রশ্ন রুহুল কবির রিজভীর।
তিনি বলেন, ‘রাসেলের সন্ধানের দাবিতে তার পিতার যে আকুতি আমরা এখানে শুনলাম। এভাবেই বাংলাদেশের আকাশে প্রতিনিয়ত অসংখ্য উল্কাপাত ঘটিয়েছেন এই ডামি সরকার, দখলদার সরকারের প্রধানমন্ত্রী। আমরা কোন দেশে বাস করি? এমন একটি দেশ যেখানে মনে হচ্ছে চারিদিকে পাহাড়ের গুহা। সেই পাহাড়ের গুহা থেকে দস্যুদল এসে কোমলমতি ছাত্রদের ধরে নিয়ে যাবে, তরুণদের ধরে নিয়ে যাবে, নিরুদ্দেশ করে দেবে।’
রিজভী বলেন, ‘আমরা এমন একটি মাফিয়াসিন্ডিকেটের অধীনে বসবাস করছি, যেখানে যারা প্রতিবাদ করে তাদের নিরুদ্দেশ করে দেওয়া হয়। অন্যায়ের প্রতিবাদকারীদের রক্তাক্ত লাশ নদীর ধারে খালের ধারে নালার ধারে পড়ে থাকে।
তিনি বলেন,‘আমরা নির্বাচিত বৈধ সরকারের অধীনে নই বলেই প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতিমুহূর্তে এই আওয়ামী সরকার মাফিয়া সিন্ডিকেটের মতো আচরণ করছে। আজকে আতিকুর রহমান রাসেল। সবাই জানে তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গেছে। খবরের কাগজেও এসেছে আইন-শৃঙ্খলা বাহিনীর লোকেরাই তাকে ধরে নিয়ে গেছে। কিন্তু এখনো তাকে হাজির করছে না আদালতে, না তার পরিবারের কাছে। মা হারা একটি ছেলে কোথায় খাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে, কোন জায়গায় শুয়ে আছে, কোন আয়না ঘরে তাকে বন্দি করে রাখা হয়েছে, আমরা জানি না।’
সারাবাংলা/এজেড/আইই