আন্তর্জাতিক ডেস্ক
জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনকে নতুন অধিকার ও সুযোগ-সুবিধা দিতে অর্থাৎ পূর্ণ সদস্য করার পক্ষে ভোট দিয়েছে। জাতিসংঘের ১৯৪তম সদস্য হওয়ার অনুরোধটি অনুকূলভাবে পুনর্বিবেচনা করার জন্য নিরাপত্তা পরিষদকে আহ্বানও জানিয়েছে সাধারণ পরিষদ।
শুক্রবার ১৯৩ সদস্যের বিশ্ব সংস্থায় প্রস্তাবটি ১৪৩-৯ ভোটে পাস হয়। বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ ৯টি দেশ। ভোটদানে বিরত ছিল ২৫টি দেশ।
২০১২ সালে জাতিসংঘের পর্যবেক্ষক মর্যাদা পায় ফিলিস্তিন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন পেলেই কেবল পূর্ণ সদস্য হতে পারবে ফিলিস্তিন। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের এই প্রস্তাবে ভেটো দিতে পারে।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছেন। তবে জাতিসংঘে ইসরাইলের রাষ্ট্রদূত গিলাদ এরদান এই প্রস্তাব পাসের জন্য জাতিসংঘের তীব্র সমালোচনা করে বলেছেন, সংস্থাটি একটি সন্ত্রাসী রাষ্ট্রকে স্বাগত জানিয়েছে।
সারাবাংলা/আইই