স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: ‘গণতন্ত্র ফেরাতে’ বিশ্ব সম্প্রদায়কে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (০৩ আগস্ট) সন্ধ্যায় গুলশানে হোটেল লেকশোরে বিএনপির উদ্যোগে ‘রোহিঙ্গা সংকট এবং রোহিঙ্গা প্রত্যাবর্তন কৌশল’ শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান জানান। এতে মূল প্রবন্ধ পাঠ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই সংকট শুধু বিএনপির বিষয় নয় অথবা গণতন্ত্র মঞ্চ অথবা গণঅধিকার পরিষদের বিষয় নয়। এটা সমগ্র বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। এর চেয়ে বড় সংকট আগে কখনও আসেনি। আমি কথা বলতে পারব না, আমি বিচার পাব না, আমি সিকিউরিটি পাব না, আমি স্বাস্থ্য সেবা পাব না, আমি শিক্ষা পাব না— এটা হতে পারে না।’
আজকে এই সেমিনার থেকে আমি আবেদন জানাব সকল আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে। আসুন, বাংলাদেশের মানুষকে তাদের গণতন্ত্র ফিরিয়ে দিতে, তাদের ভোটাধিকার ফিরে দিতে পাশে দাঁড়াই।’
নিউইয়র্ক টাইমে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘নিউইয়র্ক টাইমস পরিষ্কার করে বলেছে যে, ধীরে ধীরে গোপনে নীরবে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মিলিয়স অব পিপল। এটাই সত্য। আজকে এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখান থেকে বেরিয়ে আসার কোনো বিকল্প নেই। আমি আবারও সকলকে আহ্বান জানাতে চাই, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষকে মুক্ত করি, মুক্ত একটা সমাজ গড়ে তুলি, মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করি।’
তিনি বলেন, ‘বিরোধী দলের চার মিলিয়ন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, নির্যাতন হচ্ছে প্রতিনিয়ত, মিথ্যা মামলা হচ্ছে। এরকম একটা প্রতিকূল পরিবেশে যেখানে আদালত বলতে কিছু নেই, যেখানে প্রশাসন বলতে কিছু নেই। যে প্রশাসন আছে, তা শুধু তাদের জন্য।’
মির্জা ফখরুল বলেন, ‘এই রোহিঙ্গা ইস্যু কেন নিয়ে আসলাম প্রশ্ন করতে পারেন। এই রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের ছয় বছর হয়ে গেছে। এটা এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। খবরের কাগজে দেখছেন যে, ভেতরে উগ্রবাদ দানা বাঁধছে, ভেতরে বন্দুক যুদ্ধ হচ্ছে। যেটা আমাদের জন্য শুধু নয়, আন্তর্জাতিক কমিউনিটির জন্য অত্যন্ত চিন্তার বিষয় যে, রোহিঙ্গা এলাকায় উগ্রবাদ তৈরি হচ্ছে কিনা।’
তিনি বলেন, ‘এ বিষয়গুলো আমাদের দেশের জন্য অত্যন্ত জরুরি। এই সরকারের জনগণের সমর্থন নেই, জনগণের সঙ্গে সম্পর্ক নেই্। এরা অনির্বাচিত সরকার। তার যে শক্তি নাই যে শক্তি নিয়ে সে আন্তর্জাতিক বিশ্বের কাছে দাঁড়াতে পারে, কনভিন্স করতে পারে যে আমরা এই ইস্যু সমাধান করতে চাই, মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নেবে এবং তাদের অধিকার, তাদের সম্মান দিয়ে দেশে ফিরিয়ে নেবে।’
মির্জা ফখরুল বলেন, ‘জনগণের সমর্থন নিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা যায় তাহলে এই সমস্যার দ্রুত সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। সেজন্য আমরা চাই এই সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক।’
বিএনপি মহাসচিবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদের সঞ্চালনায় সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, গণঅধিকার পরিষদের নুরুল হক নূর, সাবেক রাষ্ট্রদূত ইফতেখারুল করীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহেদুজ্জামান, ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটির ড. জাহেদুর রহমান প্রমুখ।
সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি(কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সুব্রত চৌধুরী, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার তাসমিয়া প্রধান, খন্দকার লুতফুর রহমান, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, সাম্যবাদী দল(মার্কবাদী-লেলিনবাদী) হারুন চৌধুরী, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আবুল কালাম আজাদ, প্রগতিশীল গণতান্ত্রিক দলের হারুন আল রশিদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির শামসুল আলম, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, পিপপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, মাইনোরিটি জনতা পার্টির সুকৃতি মন্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুব উল্লাহ, অধ্যাপক আফম ইউসুফ হায়দার প্রমুখ।
বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, জয়নুল আবেদীন, আহমেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, মনিরুল হক চৌধুরী, মিজানুর রহমান মিনু, আবদুস সালাম, জয়নাল আবদিন ফারুক, ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক তাজমেরি এস এ ইসলাম, এনামুল হক চৌধুরী, মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, রশিদুজ্জামান মিল্লাত, ফজলুল হক মিলন, আসাদুজ্জআমান, শাহজাহান চৌধুরী, নজির হোসেন, জহিরউদ্দির স্বপন, কামরুজ্জামান রতন, মীর হেলাল, তাবিথ আউয়াল, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল প্রমুখ।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, সুইডেন, কানাডা, ইরান, নেদারল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি, ইউএসএইডসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এজেড/এনইউ