সারাবাংলা ডেস্ক
ঢাকা: ২০২০ সালে বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ কমেছে এবং একইসঙ্গে সন্ত্রাসী তৎপরতার তদন্ত এবং গ্রেফতার বৃদ্ধি পেয়েছে এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের কান্ট্রি রিপোর্টস অন টেররিজম (সিআরটি)।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকার সন্ত্রাসবাদ এবং ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারিতে বাংলাদেশ সরকারের নতুন জাতীয় সন্ত্রাস বিরোধী ইউনিট একটি প্রধান সন্ত্রাস দমন সংস্থা হিসাবে ভূমিকা পালনের জন্য স্ট্যান্ডিং আপ অপারেশন শুরু করেছে। ২০২০ সালে বাংলাদেশে তিনটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলেও কোনো প্রাণহানি হয়নি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ তাদের সীমান্ত ও বন্দর দিয়ে সন্ত্রাসীদের প্রবেশ নিয়ন্ত্রণ জোরদার করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করেছে। তারা সক্রিয়ভাবে ইন্টারপোলের সঙ্গে আইন প্রয়োগ সংক্রান্ত তথ্য বিনিময় করেছে। কিন্তু তাদের কাছে কোনো ডেডিকেটেড সন্ত্রাসী সতর্কতা তালিকা নেই।
তবে সিআরটি বলেছে, জ্ঞাত বা সন্দেহভাজন সন্ত্রাসীদের সম্পর্কে জাতীয় পর্যায়ের একটি সতর্কতা তালিকা তৈরির জন্য বাংলাদেশের সক্ষমতা তৈরিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কাজ করে যাচ্ছে।
এদিকে, আন্তর্জাতিক মহল ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা প্রক্রিয়া সম্পর্কে অবহিত রয়েছে। বিমানবন্দরে নজরদারির জন্য যুক্তরাষ্ট্রে প্রশিক্ষিত বিস্ফোরক শনাক্তকরণ কে-নাইন টিম প্রস্তুত থাকলেও তাদের স্থায়ী উপস্থিতি নেই।
ইউএনএসসিআর ২৩৯৬ এর অধীনে আগস্টে প্রতিষ্ঠিত সন্ত্রাসীদের ভ্রমণ শনাক্তকরণ ও প্রতিরোধের জন্য বিধিমালা বাস্তবায়ন জোরদার করতে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সন্ত্রাস প্রতিরোধ শাখা পরিচালিত জাতীয় পর্যায়ের কর্মশালায় বাংলাদেশ অংশগ্রহণ করেছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ পুলিশ সন্দেহভাজন জঙ্গিদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। বিচার ব্যবস্থার চলমান ধীরগতি, বিশ্বব্যাপী মহামারির সময় কাজ করার সীমাবদ্ধতার কারণে এক দশক ধরে সন্ত্রাসবাদের মামলার জট বিরাজ করছে এবং দোষী সাব্যস্ত করার হার ১৫ শতাংশেরও কম।
এতে বলা হয়েছে, বাংলাদেশি সংস্থাগুলো সহিংস চরমপন্থা মোকাবিলায় গ্লোবাল কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স ফান্ডের অধীনে কান্ট্রি সাপোর্ট মেকানিজমের মাধ্যমে সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং জঙ্গিবাদ, প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক জাতীয় কমিটি সন্ত্রাসবাদ সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে ইমাম ও আলেমদের সঙ্গে কাজ করছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসিইউ) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ২০২০ সাল জুড়ে কমিউনিটি পুলিশিং প্রচেষ্টা পরিচালনা এবং সন্দেহভাজন বিদেশি জঙ্গিদের বিষয়ে তদন্ত ও গ্রেফতারের পাশাপাশি উগ্রপন্থিদের নিস্ক্রিয়করণ ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন করেছে। ধর্মগ্রন্থভিত্তিক বার্তা প্রচারের মাধ্যমে পুলিশ সন্ত্রাসমূলক অপপ্রচার মোকাবিলায় ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করেছে এবং কোরআন কোনো ধরনের সন্ত্রাস ও সহিংসতা সমর্থন করে না এই বার্তা আত্মসমর্পণকারী জঙ্গিদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইমামদের নিয়োজিত করেছে।
এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন বলেন, প্রতি বছর সিআরটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোকপাত করে এবং যুক্তরাষ্ট্রকে নীতি, কর্মসূচি ও সম্পদ বরাদ্দ সম্পর্কে সিদ্ধান্ত নিতে সহায়তা করে। কারণ, যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ প্রতিরোধে সক্ষমতা ও স্থিতিশীলতা গড়ে তুলতে চায়।
সারাবাংলা/একেএম