স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল মহানগর কমিটি বিলুপ্ত করেছে বিএনপি। ভেঙে দেওয়া হয়েছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও। জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগরের চারটি শাখার কমিটিও বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই এসব ইউনিটে নতুন কমিটি দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৩ জুন) গভীর রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
২০২১ সালের ২ আগস্ট আবদুস সালামকে আহ্বায়ক ও রফিকুল আলম মজনুকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ ও আমান উল্লাহ আমানকে আহ্বায়ক এবং আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ঘোষণা করা হয়।
এর আগে, ২০২০ সালের ২২ ডিসেম্বর ডা. শাহাদাত হোসেনকে আহ্বায়ক ও আবুল হাশেম বক্করকে সদস্য সচিব করে চট্টগ্রাম মহানগর বিএনপির ৩৯ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আর ২০২২ সালের জানুয়ারিতে মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক ও জাহিদুল কবির জাহিদকে সদস্য সচিব করে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি দেওয়া হয়।
এসব কমিটিকে সংশ্লিষ্ট ইউনিট কমিটি গঠন করে তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছিল।
এদিকে বৃহস্পতিবার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। শিগগিরই এসব ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।
সারাবাংলা/এজেড/এনইউ