বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

বেনজীরকে দেশে ফেরাতে সংসদে ৪ দাবি ব্যারিস্টার আরমানের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ সময় দেখুন
বেনজীরকে দেশে ফেরাতে সংসদে ৪ দাবি ব্যারিস্টার আরমানের


ঢাকা: বিদেশে পলাতক মহাবিতর্কিত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চার দফা দাবি জানিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম (ব্যারিস্টার আরমান)।

তিনি বলেন, ‘বেনজীরের বিদেশে যাওয়া এবং তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় কোনো ব্যর্থতা বা আইনি ত্রুটি ছিল কি না, তা সংসদকে জানাতে হবে।’

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এসব দাবি উত্থাপন করে জামায়াতের এই সংসদ সদস্য প্রস্তাব পেশ করেন।

সাবেক এই আইজিপির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘বেনজীর র‌্যাবের মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালনকালে ফ্যাসিবাদকে শক্তিশালী করার ক্ষেত্রে মূল ‘মাস্টারমাইন্ড’ হিসেবে কাজ করেছেন।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০টি তদন্ত মামলা ও তিনটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে উল্লেখ করে তিনি শহিদ পরিবার, গুমের ভুক্তভোগী পরিবার এবং ন্যায়বিচার প্রত্যাশী জনগণের স্বার্থে বিষয়টি নিয়ে সংসদে জোর আলোচনা দাবি করেন।

তিনি বলেন, ‘মানবতাবিরোধী অপরাধ, গুম, অর্থপাচার ও দুর্নীতির মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদ ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাইয়ে গ্রেফতার হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী তাকে দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে প্রতিশ্রুতির পরও জামিনে মুক্তি পেয়ে সেন্ট লুসিয়ায় চলে যাওয়া সরকারের গুরুতর ব্যর্থতার পরিচয় দেয়।’

এ অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চার দফা দাবি জানিয়ে তিনি বলেন, ‘নির্ধারিত ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন অনুরোধ পাঠানোসহ নেওয়া সব পদক্ষেপের পূর্ণাঙ্গ বিবরণ সংসদে দাখিল করতে হবে।’

তিনি আরও বলেন, ‘পাঠানো নথিপত্রে কোনো আইনি বা পদ্ধতিগত ত্রুটি ছিল কি না এবং থাকলে তার জন্য দায়ী ব্যক্তিকে চিহ্নিত করে সংসদকে অবহিত করতে হবে।’

ব্যারিস্টার আরমান বলেন, ‘সরকারি চাকরিতে থাকা অবস্থায় তিনি কীভাবে একাধিক দেশের পাসপোর্ট অর্জন করেছেন সেটির তদন্তের অগ্রগতি জানাতে হবে।’

একই সাথে তিনি বলেন, ‘সেন্ট লুসিয়া থেকে তাকে দেশে ফেরানো ও তার দেশ-বিদেশের অবৈধ সম্পদ জব্দের পদক্ষেপ অবিলম্বে সংসদে উপস্থাপন করতে হবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর