আন্তর্জাতিক ডেস্ক
ভাড়াটে যোদ্ধাদল ওয়াগনার গ্রুপের যোদ্ধারা রাশিয়া থেকে বেলারুশে পৌঁছেছে। ইউক্রেনীয় এবং পোলিশ কর্মকর্তারা শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, বেলারুশের মিনস্কে একদিন থাকার পর ভাড়াটে যোদ্ধারা রাজধানীর দক্ষিণ-পূর্বে বেলারুশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে।
ইউক্রেনীয় সীমান্ত সংস্থার মুখপাত্র আন্দ্রি ডেমচেঙ্কো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক বিবৃতিতে বলেছেন, ওয়াগনার যোদ্ধারা এখন বেলারুশে আছে। বেলারুশে রাশিয়া থেকে বিচ্ছিন্ন এই গোষ্ঠীর কার্যক্রম লক্ষ্য করা গেছে।
এদিকে বার্তাসংস্থা রয়টার্স ওয়াগনার গ্রুপের কিছু সূত্রের বরাত দিয়ে বলেছে, অন্তত কিছু যোদ্ধা গত মঙ্গলবার থেকে বেলারুশে অবস্থান করছে।
বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার একটি ভিডিও প্রকাশ করেছে, এতে দেখানো হয়েছে, ওয়াগনার যোদ্ধারা ওসিপোভিচি শহরের কাছে একটি সামরিক স্থাপনায় বেলারুশিয়ান সেনাদের নির্দেশনা দিচ্ছে।
সারাবাংলা/আইই