আন্তর্জাতিক ডেস্ক
পোল্যান্ড সংলগ্ন বেলারুশ সীমান্তে এক সামরিক মহড়ার সময় দুই রুশ সেনার মৃত্যু হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়, বেলারুশে বিমানবাহিনীর এক যৌথ মহড়ার সময় প্যারাসুট অকেজো হয়ে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে। মূলত প্রচণ্ড বায়ু প্রবাহে পড়ে প্যারাসুটগুলো অকেজো হয়ে যাওয়ায় তারা ভূমিতে ছিটকে পড়েন। চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম সত্ত্বেও হাসপাতালে দুই সেনার মৃত্যু হয়।
নিহত দুই সেনা রাশিয়ান ২৫০ প্যারাট্রুপার গ্রুপের সদস্য। বেলারুশ সেনাবাহিনীর সঙ্গে রুশ সেনাদের যৌথ মহড়ায় তারা অংশ নিয়েছিলেন।
জানা যায়, বেলারুশের গ্রডনো এলাকায় রাশিয়ার আইএল-৭৬ ট্রান্সপোর্ট বিমান ও হেলিকপ্টার ওই মহড়ায় অংশ নিয়েছিল। বেলারুশ ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এ মহড়া চলছিল।
মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়া থেকে কয়েক হাজার অভিবাসী ইউরোপে প্রবেশের জন্য বেলারুশ-পোল্যান্ড সীমান্তে অবস্থান করছেন। এ নিয়ে সম্প্রতি বেলারুশের সঙ্গে পোল্যান্ড ও ইইউ’র মধ্যে দ্বন্দ্ব চলছে।
সারাবাংলা/আইই