বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ভারতের ফৌজদারি আইনে আসছে বড় পরিবর্তন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
ভারতের ফৌজদারি আইনে আসছে বড় পরিবর্তন


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের ফৌজদারি আইনে বড় পরিবর্তন আসছে। শুক্রবার (১১ অগাস্ট) লোকসভায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন তিনটি বিল পেশ করেছেন। এই বিলগুলো এবার পার্লামেন্টের স্থায়ী কমিটি পরীক্ষা করবে। তারপর পার্লামেন্টে পাস হলে আইনে পরিণত হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় ১৮৬০ সালের ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) প্রতিস্থাপনের জন্য ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) বিল উত্থাপন করেছেন। এই বিলে সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো— পরিচয় গোপন করে বিয়ে বা বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি, পদোন্নতি এবং চাকরির প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক স্থাপন করলে ১০ বছরের কারাদণ্ডের বিধান।

এ ব্যাপারে লোকসভায় অমিত শাহ বলেন, নতুন আইনে নারীদের বিরুদ্ধে অপরাধ সম্পর্কিত বিধানগুলোতে বিশেষ নজর দেওয়া হয়েছে। নারীদের বিরুদ্ধে অপরাধ এবং তাদের মুখোমুখি হওয়া অনেক সামাজিক সমস্যা এই বিলে সুরাহা করা হয়েছে। প্রথমবারের মতো, বিয়ে, চাকরি, পদোন্নতি এবং মিথ্যা পরিচয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নারীদের সঙ্গে যৌন মিলনকে অপরাধ হিসেবে গণ্য হবে।

সাধারণত এতদিন বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনায় ধর্ষণের অভিযোগ করতেন কেউ কেউ। এই ধরনের ঘটনার বিচারে ভারতীয় দণ্ডবিধিতে নির্দিষ্ট কোনো বিধান ছিল না। নতুন বিলে আইন পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।

ভারতের ফৌজদারি আইনজীবী শিল্পী জৈন বলেন, এই বিধানটি দীর্ঘদিন দিন আটকে ছিল। এই ধরনের বিধান না থাকার কারণে মামলাগুলো অপরাধ হিসেবে গণ্য করা হয় না। তিনি বলেন, আমাদের দেশে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নারীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা হচ্ছে। এখন থেকে এটি ফৌজদারি অপরাধ।

তবে আইনজীবী শিল্পী জৈন মনে করেন, এই বিধানে চাকরি বা পদোন্নতির প্রতিশ্রুতির সঙ্গে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতিকে যুক্ত করা ঠিক হয়নি।

তিনি বলেন, চাকরি, পদন্নোতির প্রতিশ্রুতির সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি এক পাল্লায় মাপা যাবে না। কারণ বিয়ের প্রতিশ্রুতি প্রেম, বিশ্বাসের উপর ভিত্তি করে, যেখানে চাকরির প্রতিশ্রুতি বা পদোন্নতির প্রতিশ্রুতি হলো সুবিধা আদায় যা নারীরা যৌনতার বিনিময়ে গ্রহণ করে। এটি পারস্পরিক সুবিধার সম্পর্ক।

তিনি বলেন, যখন একজন নারী জানেন যে তিনি কী পাচ্ছেন— সেটা হলো চাকরি বা পদোন্নতির জন্য যৌনতা।

নতুন বিলে ভারতের আইনব্যবস্থা থেকে ‘রাষ্ট্রদ্রোহ আইন’ সম্পূর্ণরূপে তুলে নেওয়ারও প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভায় দেওয়া বক্তব্যে অমিত শাহ বলেন, নতুন বিলে দেশদ্রোহের মতো আইন তুলে নেওয়া হবে। গণতান্ত্রিক দেশে এমন আইন থাকতে পারে না।

অমিত শাহ জানান, নতুন তিন বিলের মাধ্যমে ভারতের ফৌজদারি আইনে ৩১৩টি পরিবর্তন আনা হচ্ছে। এতে দেশের আইন ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। নতুন আইনে অপরাধীদের সাজা নিশ্চিত করার বিষয়টির উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন বিল কার্যকর হলে পুলিশ ক্ষমতার অপব্যবহার করতে পারবে না।

নতুন বিলে, গণধোলাইয়ে মৃত্যুর সাজা ১০ বছরের কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত রাখা হয়েছে। গণধর্ষণের সাজা রাখা হয়েছে, ২০ বছর থেকে আজীবন কারাদণ্ড।

অমিত শাহ বলেন, যে অপরাধের সাজা ৭ বছরের বেশি সেই সব অপরাধের ঘটনাস্থলে ফরেনসিক দলকে যেতে হবে। এটি বাধ্যতামূলক করা হবে। এছাড়া ৯০ দিনের মধ্যেই চার্জশিট দাখিল নিশ্চিত করা হবে। শুধু আদালত চাইলে তদন্তকারী আরও ৯০ দিন সময় পাবেন। অর্থাৎ, পুলিশকে ১৮০ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। নতুন আইন অনুযায়ী, বিচারকও শুনানি পিছিয়ে আদেশ বিলম্বিত করতে পারবেন না। এখন থেকে ৩০ দিনের মধ্যেই আদেশ দিতে হবে এবং পরবর্তী সাত দিনের মধ্যে আদেশটি অনলাইনে প্রকাশ করতে হবে।

ঔপনিবেশিক আমলের আইন পরিবর্তন বিষয়ে অমিত শাহ বলেন, ১৮৬০ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা ব্রিটিশদের তৈরি আইন অনুসারে চলছিল। নতুন তিনটি বিলে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর