আন্তর্জাতিক ডেস্ক
দিল্লিতে ফের স্কুল বন্ধ। সরাসরি পাঠদানের পরিবর্তে আবারও নেওয়া হবে অনলাইন ক্লাস। তবে এবার করোনা মহামারির কারণে নয়, দায়ী দূষিত বায়ু। আগামী সোমবার (১৫ নভেম্বর) থেকে অনলাইন ক্লাস চালু হবে দিল্লির স্কুলগুলোতে। এছাড়া সরকারি অফিসগুলোকেও ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতিতে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতের রাজধানীর বায়ুদূষণ চরম রূপ নিয়েছে। বায়ুদূষণ ঠেকাতে ধুলো তৈরি করে এমন নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়াল।
অরভিন্দ কেজরিওয়াল সাংবাদিকদের বলেন, সোমবার থেকে এক সপ্তাহের জন্য স্কুলে সরাসরি পাঠদান বন্ধ থাকবে, যাতে দূষিত বায়ুতে শিশুদের শ্বাস নিতে না হয়। এছাড়া ১৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর থেকে নির্মাণ কাজও বন্ধ থাকবে। এক সপ্তাহের জন্য সরকারি দফতরগুলো পুরোপুরি চলবে ওয়ার্ক ফ্রম হোম নীতিতে।
গত এক সপ্তাহ থেকে দিল্লি ও এর আশেপাশে এলাকা গুরুগাও, নইদা, গাজিয়াবাদ ভয়ানক বায়ুদূষণ চলছে। ভারতের কেন্দ্রীয় বায়ুদূষণ বোর্ডের তথ্যমতে, শনিবার সন্ধ্যা ৬টায় দিল্লির বায়ুমান সূচক একিউআই ছিল ৪২৭। উল্লেখ্য যে, বায়ুমান সূচকে ৪০০ এর উপরে উঠলে তা চরম বা ভয়ানক হিসেবে বিবেচিত হয়।
সারাবাংলা/আইই