আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের সঙ্গে উত্তেজনা নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে বসতে প্রটোকল অনুসারে করোনা পরীক্ষা করার কথা থাকলেও, তা নিয়ে আপত্তি তুলে আরটি-পিসিআর পরীক্ষা থেকে বিরত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। ক্রেমলিনের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ক্রেমলিন বলছে, ডিএনএ নমুনা রেখে দেওয়া হতে পারে, এই ভয়ে ম্যাখোঁ করোনা পরীক্ষা নিয়ে আপত্তি তোলেন।
অন্যদিকে ফ্রান্সের পক্ষ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্টের পূর্ব নির্ধারিত সফরসূচিতে ওই করোনা পরীক্ষার কথা উল্লেখ করা হয়নি। তাই, পরীক্ষা করাননি প্রেসিডেন্ট।
অবশ্য, ফ্রান্সের আরেকটি সরকারি সূত্র বিবিসিকে জানিয়েছে, জেনেশুনে তারা প্রেসিডেন্টের ডিএনএ রাশিয়ার হাতে তুলে দিতে পারে না। এ নিয়ে গোয়েন্দা তৎপরতার শঙ্কার কথা বললেও সেটি কীভাবে হবে তা ব্যাখা করা হয়নি।
প্রসঙ্গত, ইউক্রেন-রাশিয়া উত্তেজনা নিয়ে দুই দেশের শীর্ষ নেতার সঙ্গে আলোচনা করতে দুই দেশ সফর করেন ম্যাখোঁ।
সারাবাংলা/একেএম