আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: সৌদি আরবের মদিনায় নতুন একটি স্বর্ণ ও চারটি তামা খনি আবিষ্কার হয়েছে। সৌদি ভূতাত্ত্বিক জরিপ বিভাগ এক টুইট পোস্টে এ তথ্য জানিয়েছে।
টুইটার পোস্টে বলা হয়, মদিনা অঞ্চলের আবা আল-রাহার সীমানার মধ্যে বিশাল একটি সোনার আকরিক খনি পাওয়া গেছে। এছাড়া মদিনার আল মাদিক নামক এলাকায় তামা কপার আকরিক খনিও আবিষ্কার হয়েছে।
সৌদির ভূতাত্ত্বিক জরিপের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই আবিষ্কারের ফলে সৌদি আরবে সারা পৃথিবীর কাছে বিনিয়োগের জন্য নতুন দরজা খুলে যাবে।
সৌদি আরব বিশ্বের শীর্ষ তেল উৎপাদক দেশ। তবে দেশটিতে প্রচুর আকরিক খনিও রয়েছে। এছাড়া বিভিন্ন রত্নের খনিও রয়েছে দেশটিতে। গত জানুয়ারিতে সৌদি জিওলজিস্ট কোঅপারেটিভ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুলাজিজ বিন ল্যাবন জানিয়েছিলেন, সৌদি আরবে ৫ হাজার ৩০০টি আকরিক খনি রয়েছে। সৌদি আরবে ভূগর্ভস্থ সোনার মজুত আনুমানিক ৩২৩.৭ টন।
সৌদি মালিকানাধীন সংবাদপত্র আশরক আল আওসাতের খবরে বলা হয়, সৌদি আরবের খনিজ সম্পদ উত্তলনের জন্য প্রচুর বিনিয়োগ আসছে। মদিনায় অবস্থিত উম্ম আল দামার খনির লাইসেন্স পাওয়ার জন্য ১৩টি সৌদি এবং বিদেশি কোম্পানি প্রতিদ্বন্দ্বিতা করছে।
সারাবাংলা/আইই