আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার রাজধানী মস্কোতে অন্তত তিনটি ড্রোন হামলা চালিয়েছে। এ হামলায় মস্কো শহরে কমপক্ষে একজন আহত হয়েছেন। রুশ কর্তৃপক্ষ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে।
রোববার (৩০ জুলাই) সকালে ড্রোন হামলায় দুটি অফিস ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া স্বল্প সময়ের জন্য শহরের একটি বিমানবন্দর বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টেলিগ্রাম বিবৃতিতে বলেছে, মস্কো শহরে উপর মনুষ্যবিহীন আকাশযান দিয়ে কিয়েভ সরকারের সন্ত্রাসী হামলার চেষ্টা ব্যর্থ হয়েছে।
বিবৃতিতে বলা হয়, একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। অন্য দুটি ড্রোন ইলেকট্রনিক ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে। এসব ড্রোন মস্কোর ব্যবসায়িক এলাকার একটি বিল্ডিং কমপ্লেক্সে বিধ্বস্ত হয়েছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, হামলায় মস্কো সিটি জেলার দুটি ভবনের বাইরের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সারাবাংলা/আইই