আজ (২৬ মার্চ ২০২৪, মঙ্গলবার) সকাল ১০টায় ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪’ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।
এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, প্রভোস্ট, প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধি, কর্মচারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এরপর বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, সাংবাদিক সংগঠন, কর্মচারী সমিতি, সহায়ক কর্মচারী কল্যাণ সমিতি ও শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় মহান স্বাধীনতা সংগ্রামে বীর শহিদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকালে সূর্যোদয়ের সাথে সাথে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনসমূহ আলোক সজ্জায় সজ্জিত করা হয়।