আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী মারিউপোল শহরে এক হাজারের বেশি ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকারী সেনারা ইউক্রেন সেনাবাহিনীর ৩৬তম ব্রিগেডের সদস্য। বুধবার (১৩ এপ্রিল) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করেছে।
রুশ সামরিক বাহিনীর প্রতিবেদন অনুযায়ী, মারিউপোলের সর্ববৃহৎ স্টিল কারখানা ইলিচ স্টিল ও আয়রন ওয়ার্কসে অস্ত্রসমর্পণ করে ইউক্রেনের সেনারা। এই দুই কারখানায় ইউক্রেন সেনারা দূর্গ গড়ে যুদ্ধ করে আসছিল। রুশ বাহিনী এক মাসের বেশি সময় ধরে তাদের অবরুদ্ধ করে রেখেছিল।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ বলেন, বন্দিদের মধ্যে ১৬২ জন কর্মকর্তাসহ মোট ১০২৬ জন সেনা সদস্য রয়েছেন। আত্মসমর্পণকারী সৈন্যদের মধ্যে ৪৭ জন নারী। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার আগে রাশিয়ান চিকিৎসকরা ১৫১ জন আহত বন্দিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
এদিকে ইউক্রেন কর্তৃপক্ষ দাবি করছে, মারিউপোলে রুশ বাহিনীর বিরুদ্ধে এখনও লড়াই করছে সেনারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কির এক উপদেষ্টা দাবি করেন, মারিউপোলের পতন হয়নি, শহরের নিয়ন্ত্রণ এখনও ইউক্রেনীয় বাহিনীর হাতে। তবে দুই পক্ষের তুমুল লড়াই চলছে।
সারাবাংলা/আইই