আন্তর্জাতিক ডেস্ক
মিয়ানমারের একটি সামরিক আদালত ড্যানি ফেনস্টার নামক এক মার্কিন সাংবাদিককে ১১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে। যুক্তরাষ্ট্রের ওই সাংবাদিককে অভিবাসন আইন লঙ্ঘন, মিয়ানমারে বেআইনি চলাফেরা ও সামরিক আইনের বিরোধী মতকে উৎসাহিত করার জন্য দোষী সাব্যস্ত করে এ রায় দেয় আদালত।
এর আগে গত সপ্তায় রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের দুটি অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। মিয়ানমারে এসব অভিযোগের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। তবে নতুন এ দুটি অভিযোগের রায় এখনও আসেনি।
৩৭ বছর বয়সী ড্যানি ফেনস্টার ফ্রন্টিয়ার মিয়ানমার নামক অনলাইন পোর্টালের ব্যবস্থাপনা সম্পাদক। গত মে মাসে রেঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়।
গত ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর বেশ কয়েকজন সাংবাদিককে আটক করে সামরিক বাহিনী। তিনি তাদের মধ্যে একজন।
ফ্রন্টিয়ার মিয়ানমারে প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টার এর আগে মিয়ানমার নাও নামক সংবাদমাধ্যমের হয়ে কাজ করতেন। ওই সংবাদমাধ্যমটি সেদেশে সামরিক বাহিনীর কঠোর সমালোচক হিসেবে পরিচিত। ২০২০ সালের জুলাইয়ে মিয়ানমার নাও থেকে পদত্যাগ করে ড্যানি ফেনস্টার। পরের মাসে তিনি ফ্রন্টিয়ারে যোগ দেন।
সারাবাংলা/আইই