সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

মেধার সঙ্গে দেশাত্ববোধ ও মানবিক মূল্যবোধ থাকা জরুরি: ডিএসইসি মেধাবৃত্তি অনুষ্ঠানে তথ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ২৬২ সময় দেখুন
মেধার সঙ্গে দেশাত্ববোধ ও মানবিক মূল্যবোধ থাকা জরুরি: ডিএসইসি মেধাবৃত্তি অনুষ্ঠানে তথ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক ::

মেধাবীদের মূল্যবোধ সমৃদ্ধ ও মানবিক মানুষ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। তিনি বলেছেন, দেশ গঠনে শুধু বস্তুগত উন্নয়ন নয় মানবিকতা থাকতে হবে। একজন মেধাবীর মধ্যে যেমন মেধা থাকা প্রয়োজন তেমনি মূল্যবোধ, দেশাত্ববোধ, মানবিকতা, সামাজিকতা থাকা প্রয়োজন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল আয়োজিত ডিএসইসি মেধাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যের সন্তানদের মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী, জেএসসি, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত অর্ধশত জনকে মেধাবৃত্তি প্রদান করা হয়। তাদের মধ্যে সনদপত্র, ক্রেস্ট, বই ও নগদ অর্থ প্রদান করা হয়।

ড. হাছান মাহমুদ বলেন, রাষ্ট্রের জন্য কি গুরুত্বপূর্ণ তা সাংবাদিকদের তুলে আনা প্রয়োজন। কোন বিষয়টি সামনে নিয়ে আসলে দেশ উপকৃত হবে, গণতন্ত্র শক্তিশালী হবে, সমাজ উপকৃত হবে, তা খুঁজে খুঁজে বের করে সামনে নিয়ে আসতে হবে। আমি মনে করি এটি সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে পড়ে।

কোমলমতি ছাত্রছাত্রীদের নিয়ে একটা রাজনীতি শুরু হয়ে গেছে মন্তব্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরো বলেন, আমাদের দেশে কিছু পক্ষ আছে পরগাছার মতো। তারা অপরের ওপর ভর করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। এই পরগাছারা সক্রিয় হয়ে গেছে। ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে। সুতরাং এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

নিরাপদ সড়ক আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশ করে তিনি বলেন, আজকে আমাদের সন্তানরা নিরাপদ সড়কের জন্য আন্দোলন করছে। আমি তাদের ধন্যবাদ জানাই। নিরাপদ সড়কটা আমাদের প্রয়োজন। সরকারও কিন্তু অনেক পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে ঢাকায় হাফ ভাড়া করে দিয়েছে, চট্টগ্রামেও এর জন্য আলোচনা চলছে। এখন আশা করব, আমাদের সন্তানরা ক্লাসে ফিরে যাবে।’

খালেদা জিয়ার সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দিতে সরকার বদ্ধপরিকর মন্তব্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া যাতে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পান, চিকিৎসা পান, সে জন্য সরকার সব ধরনের ব্যবস্থা দেশের অভ্যন্তরে গ্রহণ করতে চায় এবং এ ব্যাপারে সরকার বদ্ধপরিকর। বিএনপি ও খালেদা জিয়ার পরিবার যেভাবে চায় দেশের মধ্যে তাকে সেভাবেই চিকিৎসা দেয়া হবে। আমাদের দেশেও অনেক ভালো ডাক্তার আছে।

ডিএসইসি সভাপতি মামুন ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-৫ আসনের এমপি ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন, দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সাম্প্রতিক দেশকাল সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ, কেএসবি গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ড. মোহাম্মদ এ হোসাইন দীপু।

আরো বক্তব্য রাখেন সাবেক সভাপতি কায়কোবাদ মিলন, মোতাছিম বিল্লাহ, আশরাফুল ইসলাম, ডিএসইসির সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয় প্রমুখ।

অভিভাবকদের মধ্য থেকে সিনিয়র সাংবাদিক আলি আফসার, তরুণ তপন চক্রবর্তী, আব্দুল হাদি বক্তব্য দেন। শুভেচ্ছা বক্তব্য দেন ডিএসইসির কোষাধ্যক্ষ অলক বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম-সম্পাদক জাওহার ইকবাল খান।

এ সময় ডিএসইসির সহসভাপতি আনজুমান আরা শিল্পী, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম সেতু, দফতর সম্পাদক মনির আহমাদ জারিফ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক লাবিন রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর কবীর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তৌফিক অপু, নির্বাহী সদস্য ফারজানা জবা, জাফরুল আলম, আবদুর রহমান খান, মো. মনির হোসেন, মো. নঈম মাশরেকী, মোহাম্মদ আব্দুল অদুদ ও মো. সাফায়েত হোসেন উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর