ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার গভীর রাতে জাতির উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিওতে তিনি নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
দ্য হিন্দু পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) ভিডিও বার্তায় মোদি বলেছেন, প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর নতুন আইন আনা হচ্ছে।
মোদি বলেন, ‘নিরলসভাবে গভীর রাত পর্যন্ত কাজ করে সংশ্লিষ্ট বিভাগগুলো এরই মধ্যে তার কাছে একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছে। এ খসড়ায় দ্রুত বিচার আদালত গঠনসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। আজ শুক্রবার (২৪ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে খসড়াটি নিয়ে আলোচনা হবে। মন্ত্রিসভার সহকর্মীদের পরামর্শ যুক্ত করে খসড়াটি চূড়ান্ত করা হবে। যত দ্রুত সম্ভব বিলটি পার্লামেন্টে পাস করার চেষ্টা করা হবে।’
এক্স-এ শেয়ার করা ভিডিওতে প্রধানমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রিসভা ফাস্ট-ট্র্যাক আদালত এবং অপরাধীদের জন্য কঠোর শাস্তির বিধান রেখে একটি খসড়া বিল গ্রহণ করবে। আমি বিভাগগুলোকে ফাস্ট-ট্র্যাক আদালত স্থাপনের নির্দেশ দিয়েছি।’
ভিডিও বার্তায় মোদি বলেন, ‘বন্ধুরা, আমি ভালোভাবেই জানি যে প্রশ্নপত্র ফাঁস কোনো ছোটখাটো বিষয় নয়। এতে লাখ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা চরম মানসিক কষ্টে পড়েন। এ কারণে এসব ঘটনার পর গত আড়াই মাসে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে। তারা বর্তমানে কারাগারে।’