স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ করার জন্য আওয়ামী লীগকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই চিঠি বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাছে হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, পারলে আজই চিঠির বিষয়ে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন তিনি।
চিঠিতে কি রয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পার্টির সাধারণ সম্পাদক হিসাবে আমাকে চিঠি পাঠানো হয়েছে। এক পৃষ্ঠার চিঠিতে পার্টির মতামত চেয়েছে। দলের লোকজনের সঙ্গে আলোচনা না করে তো আমি চিঠি প্রকাশ করতে পারি না। শুনেছি এমন চিঠি বিএনপি ও জাতীয় পার্টির কাছেও পাঠানো হয়েছে। রাষ্ট্রদূত আগেও বলেছেন, ফ্রি ফেয়ার ইলেকশন চান তারা।‘
ওবায়দুল কাদের আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের দেওয়া সংলাপের চিঠি নিয়ে পারলে আজই প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবো। দলের সহকর্মীদের সাথে আলোচনা না করে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।’
তিনি আরও বলেন, ‘নিঃশর্ত সংলাপের আলোচনা বিএনপিকে দেওয়া হয়েছিল কিন্তু তারা শর্ত জুড়ে দিয়েছিল। যেকোনো সময় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানতে পেরেছি। সুতরাং সময় পেরিয়ে গেছে। সংলাপ হলে কাউকে বাদ দিয়ে সম্ভব নয়। এই সময়ে সংলাপ সম্ভব কিনা সেটাই বিষয়।’
পরে পিটার হাস সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই বাংলাদেশে সব দলের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক।’ দেশে চলমান সহিংসতা বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত বলেও জানান তিনি।
সারাবাংলা/জেআর/এমও